×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৪:২৯:০১

টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ। তিনি বলেন, এ রূপান্তরের মাধ্যমে যক্ষ্মার চিকিৎসা ও নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ আরও বাড়বে। এতে চিকিৎসাসেবার সক্ষমতাও বৃদ্ধি পাবে। যক্ষ্মা নিয়ন্ত্রণে হাসপাতালটিকে আধুনিক, সমন্বিত ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ এসব কথা বলেন।

হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, সেবার মান বাড়ানো এবং হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল করতে জনবল সংকটের সমাধান জরুরি। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শূন্যপদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

হাসপাতালের সেবার পরিধি ও সক্ষমতা বাড়াতে ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ববি হাজ্জাজ। পাশাপাশি হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে রোগী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং সেগুলো সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে তাঁদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নিয়েও সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন ববি হাজ্জাজ।

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রত্যেক রোগীর সঙ্গে মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, রোগীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপপরিচালক ডা. আয়শা আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও সভায় অংশ নেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত