×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৩:৫২:০৯

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: ডোপ টেস্টে ‘পজিটিভ’ ফল আসায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-২০২৬ কোর্স চলার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ডোপ টেস্ট করা হয়। এতে তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়।

এ ঘটনায় গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বের হন।

কোর্স চলার মধ্যে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট সম্পন্ন করা হয়।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডোপ পরীক্ষায় আ ফ ম নিজাম উদ্দিনের প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়। পরীক্ষার এ ফলাফলকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থি হিসেবে বিবেচনা করা হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী এ ধরনের ঘটনা ‘অসদাচরণ’ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। একই বিধিমালার ১২(১) অনুযায়ী, গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সাময়িক বরখাস্তের সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত