ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
প্রেমের টানে চীন থেকে এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে গড়ে ওঠা প্রায় দেড় বছরের প্রেমের সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ৩৫ বছর বয়সী এক যুবক। এরপর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এক তরুণীকে বিয়ে করে এখন স্ত্রীর গ্রামের বাড়িতে সময় কাটাচ্ছেন তিনি। তবে পুরো প্রক্রিয়াটি আইনি প্রক্রিয়া মেনে হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
চীনা ওই যুবকের নাম জিয়াং। তিনি চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। তাঁর স্ত্রী জান্নাতুল ইসলাম ইভা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালে মোবাইল ফোন কেনার জন্য ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গেলে ইভার সঙ্গে কয়েকজন চীনা নাগরিকের পরিচয় হয়। পরে তাঁদের সঙ্গে আড্ডার একপর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে চীনের বাসিন্দা জিয়াংয়ের সঙ্গে ইভার পরিচয় করিয়ে দেন তাঁরা।
পরিচয়ের পর ‘ইউ চ্যাট’ অ্যাপের মাধ্যমে তাঁদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে সেই যোগাযোগ গড়ায় প্রেমের সম্পর্কে। প্রায় দেড় বছর অনলাইনে যোগাযোগের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। ঢাকায় পৌঁছানোর পর ইভার সঙ্গে এটাই ছিল তাঁর প্রথম সরাসরি সাক্ষাৎ।
ইভার ভাষ্য, বাংলাদেশে আসার পরদিন ৪ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তনের বিষয়ে একটি এফিডেভিট করেন জিয়াং। পরে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর কিছুদিন ঢাকায় থাকার পর সম্প্রতি স্ত্রী ইভাকে নিয়ে তাঁর গ্রামের বাড়ি বাকেরগঞ্জে যান জিয়াং। সেখানে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাঁদের গায়ে হলুদের আয়োজন করা হয়। পরদিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে বৌভাতের আয়োজন করা হয়।
নিজের বিয়ে নিয়ে ইভা বলেন, ‘জিয়াং গ্রাম খুব পছন্দ করেন। বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার বিয়েতে বড় আয়োজন করার। তাই গ্রামের বাড়িতে এসে পারিবারিকভাবে অনুষ্ঠান করা হয়েছে।’
স্বামীর সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, জিয়াংয়ের ভাষা তিনি পুরোপুরি বুঝতে পারেন না। অল্প কিছু বুঝলেও বেশিরভাগ সময় অনুবাদ অ্যাপের মাধ্যমে তাঁদের কথা হয়। জিয়াং পরিবারের সবার সঙ্গে ভালোভাবে মিশছেন এবং বাংলাদেশের স্থানীয় খাবার ও গ্রামের পরিবেশও উপভোগ করছেন বলে জানান ইভা।
অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, ইউ চ্যাটে ইভার সঙ্গে পরিচয় ও দীর্ঘদিনের যোগাযোগের সূত্র ধরেই তিনি বাংলাদেশে এসেছেন এবং তাঁকে বিয়ে করেছেন। ভবিষ্যতে স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।
ইভার বাবা জাকির হাওলাদার বলেন, ‘জামাই হিসেবে জিয়াংকে আমরা মেনে নিয়েছি। পরিবারের সবাই আনন্দের সঙ্গে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি।’ তিনি জানান, ইভার পাসপোর্ট তৈরির কাজও সম্পন্ন হয়েছে। কিছুদিন পর জিয়াং তাঁর স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাবেন।
এদিকে, চীনা নাগরিকের বাংলাদেশে এসে বিয়ে করার বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশের নজরেও এসেছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, জিয়াংয়ের বাংলাদেশে অবস্থান ও বিয়ের বিষয়ে থানা পুলিশ আগে থেকে অবগত ছিল না।
তিনি বলেন, জিয়াং বৈধ পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করেছেন কি না এবং স্থানীয় আইন ও বিধি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে কি না-এসব বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ে এবং এরপর বাকেরগঞ্জের গ্রামীণ পরিবেশে আয়োজিত বৌভাতকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’