ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

শেয়ারবাজারে পতনের মহামারী, বাড়ছে আস্থাহীনতা

২০২৬ আগস্ট ৩০ ১৫:১৪:১৯

শেয়ারবাজারে পতনের মহামারী, বাড়ছে আস্থাহীনতা

নিজস্ব প্রতিবেদক : আজ (৩০ আগস্ট) সপ্তাহের প্রথম কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে সূচকের পতন দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দরপতন যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার স্থিতিশীলতার দিকে এগোচ্ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তা আবার অস্থিতিশীল হয়ে পড়েছে। বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকলেও টানা দরপতনে তা হতাশায় পরিণত হয়েছে। বাজার স্বাভাবিক করতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, যা বিনিয়োগকারীদের আস্থা সংকট আরও বাড়াচ্ছে।

বাজার পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হচ্ছে, নতুন কমিশন বাজার নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না বা তৎপরতা দেখাচ্ছে না। তাঁরা এ অবস্থাকে স্বাভাবিক বলে ধরে নিয়েছেন—অন্যথায় বাজার স্বাভাবিক করতে তাদের কার্যক্রম দেখা যেত। টানা পতনের কারণে অনেক বিনিয়োগকারী লোকসানের আশঙ্কায় শেয়ার বিক্রি করছেন, যার ফলে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বাড়ছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে বর্তমান কমিশনের পরিবর্তন জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪.২৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৮.১২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২২.২২ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৯টির দর বেড়েছে, ৩০৯টির দর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪৬৭ কোটি ১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৫১ কোটি ২ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২টির, কমেছে ১১২টির এবং পরিবর্তন হয়নি ২০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১.১৩ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪.৫৮ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ