ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম ঘোষণা করতে পারে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি পাওয়ার পর বিএনপি আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করতে পারে। এ বিষয়ে দলটির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কয়েক দফা আলোচনা ও মতবিনিময়ের পর রাষ্ট্রপতি পদে ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগে আজ সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। দলীয় সূত্র বলছে, ওই বৈঠকেই রাষ্ট্রপতি প্রার্থীর নাম প্রকাশ করা হতে পারে। একই সঙ্গে প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য উপযুক্ত ব্যক্তি নির্বাচন নিয়েও সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বৈঠকে সম্ভাব্য প্রার্থীর স্বাক্ষর নেওয়া হবে। এরপর প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে দলের একটি প্রতিনিধিদল পাঠানো হবে।
সূত্রের দাবি, ৭৮ বছর বয়সী মির্জা ফখরুল ওই বৈঠকেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে পারেন। এরপর বিএনপি নেতারা নির্বাচন কমিশনে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার মনোনয়নপত্র জমা দিতে পারেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা আসতে পারে।
বিএনপির চিফ হুইপ ও ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি জানিয়েছেন, জামায়াতে ইসলামী তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপি মনোনয়নপত্র জমা দেবে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাষ্ট্রপতি প্রার্থীর নাম প্রকাশ্যে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর আগে গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের বিষয়ে তারেক রহমানকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়।
গত ৯ আগস্ট নুরুল ইসলাম মনি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরদিন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এলডিপির চেয়ারম্যান অলি আহমদের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করে।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা প্রকাশ্য ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
গত ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে এলজিআরডি মন্ত্রীর পাশাপাশি মির্জা ফখরুল সংসদ সদস্য ও বিএনপির মহাসচিবের দায়িত্বেও রয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে মন্ত্রিত্ব, সংসদ সদস্য পদ এবং দলের মহাসচিবের দায়িত্ব ছাড়তে হবে। ফলে তার পরিবর্তে সরকার ও বিএনপিকে বিকল্প নেতৃত্ব নির্ধারণ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
- নতুন আইন কার্যকর, গাঁজা চাষ ও ঔষধি ব্যবহারে অনুমোদন