ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বৈষম্যহীন ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ঢাবি উপাচার্যের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং সর্বত্র সুশাসন প্রতিষ্ঠিত হবে।
রোববার (২ আগস্ট) ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে জীববিজ্ঞান অনুষদ আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: শিক্ষা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. আখতার হোসেন খান। স্বাগত বক্তব্য দেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী।
আলোচনায় অংশ নেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফা আক্তার কলি, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরমান এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. মাহতাব ইসলাম।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানবকল্যাণে কাজ করতে হবে। তাঁর ভাষ্য, ইতিহাস কাউকে ক্ষমা করে না। জনগণকে অত্যাচার-নির্যাতন ও দমন-পীড়নের মাধ্যমে কোনো শাসক দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেন না।
তিনি বলেন, প্রায় দুই শতক পর ব্রিটিশ শাসনের অবসান হয়েছে, পাকিস্তানের শাসকগোষ্ঠী ভাষা আন্দোলনের মুখোমুখি হয়েছে এবং ১৯৭১ সালে এ দেশ থেকে বিতাড়িত হয়েছে। নয় বছরের মাথায় এরশাদ সরকারের পতন ঘটেছে। ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাঁর মতে, এই ঘটনা প্রমাণ করে ‘অহংকার পতনের মূল’। অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান করার পরিণতি কী হতে পারে, সেটিও এ ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে। দেশের সব সরকারপ্রধানের এ থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অমর একুশে হলে আলোচনা সভা
এর আগে শনিবার (১ আগস্ট) রাতে অমর একুশে হল অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান: ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া সহকারী আবাসিক শিক্ষক ড. মো. ইসমাইল হোসেন, হল সংসদের সহ-সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, হল ছাত্রদলের সভাপতি আসাদুল হক আসাদ এবং সাধারণ সম্পাদক আবদুল হামিদ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হলের আবাসিক শিক্ষক ড. মো. শরীফুল ইসলাম।
জগন্নাথ হলে সেমিনার
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় জগন্নাথ হলের কিশোরীলাল রায় চৌধুরী অডিটোরিয়ামে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
পদার্থবিজ্ঞান বিভাগে সেমিনার সোমবার
আগামীকাল সোমবার (৩ আগস্ট) বিকেল ২টা ৩০ মিনিটে মোকাররম ভবনের পদার্থবিজ্ঞান বিভাগের ৩০০ নম্বর কক্ষে ‘জুলাই বিপ্লব ও গণ-অভ্যুত্থান: স্মৃতিচারণ ও আলোচনা সভা ২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। মুখ্য আলোচক থাকবেন পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ. ম ইউসুফ হায়দার। সভাপতিত্ব করবেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার।
সমাজবিজ্ঞান বিভাগেও আলোচনা
সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ৫১৬ নম্বর কক্ষে ‘জুলাইয়ের প্রশ্ন ও প্রত্যাশা: সমাজবিজ্ঞান শিক্ষার্থীদের পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রধান অতিথি এবং লেখক ফিরোজ আহমেদ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
ফলিত গণিত বিভাগে আলোচনা ও ভিডিও প্রদর্শনী
আগামী ৪ আগস্ট সকাল ১১টায় এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে ‘জুলাই টাইম লাইন ২০২৪: আকাঙ্ক্ষা, প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করবেন ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত