ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
কারিগরি শিক্ষার প্রসার ছাড়া দক্ষ জনশক্তি গড়া সম্ভব নয়: রিজভী
নিজস্ব প্রতিবেদক: কারিগরি শিক্ষার বিস্তার ছাড়া দক্ষ জনশক্তি তৈরি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রযুক্তিহীন রাজনীতি শোষণের হাতিয়ার। রাজনীতিবিদকে ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়, তবে কারিগরি বিদ্যা ও প্রযুক্তি সম্পর্কে তার আগ্রহ ও ধারণা থাকা প্রয়োজন।
শনিবার (১ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, একটি জাতিকে কারিগরি শিক্ষার ভিত্তির ওপর দাঁড় করাতে না পারলে নানা দিক থেকে শোষণের শিকার হতে হবে। এই শোষণ শুধু দেশের ধনী-গরিবের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক পর্যায়েও হতে পারে। তিনি বলেন, একজন মানুষ তখনই প্রকৃত সম্পদে পরিণত হন, যখন তার দক্ষতা বৃদ্ধি পায়। আর সেই দক্ষতা অর্জনের অন্যতম মাধ্যম হলো কারিগরি শিক্ষা।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের কিছু কারিগরি জ্ঞান দেওয়া প্রয়োজন। মাধ্যমিক পর্যায়ে সেটিকে আরও জোরদার করতে হবে এবং কলেজ পর্যায়ে এর বিস্তৃতি বাড়াতে হবে। এরপর উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে।
চীনের উন্নয়নের উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, ১৯৭৮ সাল থেকে দেশটি যেভাবে এগিয়েছে, তার অন্যতম ভিত্তি ছিল কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া। দেশটির রাস্তাঘাট, ভবন, শহর ও গ্রামীণ উন্নয়ন দেখলেই বোঝা যায়, তারা দক্ষ জনশক্তি তৈরিকে অগ্রাধিকার দিয়েছে।
বাংলাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ১৬৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অথচ দেশে প্রায় ৪৫০টি উপজেলা। প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থাকা উচিত। পাশাপাশি উপজেলার বড় বড় গঞ্জ, বাজার ও মার্কেট এলাকাতেও এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা প্রয়োজন।
রিজভী বলেন, অনেক শিক্ষার্থী পারিবারিক ও অর্থনৈতিকসহ নানা কারণে স্কুল থেকে ঝরে পড়ে। তারা যদি কারিগরি জ্ঞান অর্জনের সুযোগ পায় অথবা অন্তত মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা গ্রহণ করে, তাহলে তাদের কর্মসংস্থানের পথ তৈরি হবে। একজন দক্ষ ইলেকট্রিশিয়ান বা অন্য কোনো কারিগরি পেশাজীবী সহজেই আয় করতে পারেন।
কারিগরি শিক্ষার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনেরও আহ্বান জানান তিনি। তার ভাষ্য, শুধু জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, চিকিৎসক কিংবা এমবিএ হওয়ার স্বপ্ন দেখলেই চলবে না। যেসব শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় মেধা বা যোগ্যতা অর্জন করতে পারে না, তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। কাজ করতে করতেই তাদের জন্য উচ্চশিক্ষার পথও উন্মুক্ত হতে পারে।
বলিউডের অভিনেতা ও লেখক কাদের খানের উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, বহু সংগ্রামের মধ্য দিয়ে তিনি ডিপ্লোমা পাস করেন। পরে অভিনয়, সংলাপ ও কাহিনি লেখার পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন, সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন এবং পোস্টগ্র্যাজুয়েশনও করেন। তার মতে, এটি স্বপ্ন ও অধ্যবসায়ের বাস্তব উদাহরণ।
দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী বিদেশে পাঠানো গেলে তারা অযোগ্যতার কারণে ফিরে আসবে না। বরং যে দেশে যাবে, সেখানকার উন্নয়নে অবদান রাখবে। একই সঙ্গে তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকেও আরও সমৃদ্ধ করবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পুরোনো স্লোগানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, প্রযুক্তিহীন রাজনীতি শোষণের হাতিয়ার। রাজনীতিবিদকে ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নেই, তবে কারিগরি বিদ্যা ও প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকা জরুরি। দায়িত্ব পালনের সময় দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির নানা বিষয় বাস্তবায়নে তা সহায়ক হবে।
কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানদের সঙ্গে শিল্পখাতের কার্যকর সংযোগ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ নেওয়া হবে এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলেও জানান।
তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী যেন স্কুল থেকে ঝরে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। আর কেউ ঝরে পড়লেও তাকে কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। তাহলেই তার ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন থেমে থাকবে না।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)