ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বদলি থেকে এমপিও—শিক্ষা খাতে তদবির-বাণিজ্যের বিস্তার
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা খাতে বদলি, পদায়ন, এমপিওভুক্তি ও বকেয়া বেতনসহ বিভিন্ন প্রশাসনিক কাজে তদবির ও দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ নতুন করে সামনে এসেছে। সম্প্রতি জাল ডিও (ডেমি-অফিসিয়াল) লেটার ব্যবহার করে বদলির তদবিরের অভিযোগে এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও দালাল চক্রের কার্যক্রম নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরেই বদলি, পদায়ন, এমপিওভুক্তি এবং বকেয়া বেতন ছাড়ের মতো প্রশাসনিক কাজে তদবির ও অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শুরু করে শিক্ষা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে একশ্রেণির দালাল অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালনা করে থাকে।
অভিযোগ রয়েছে, শিক্ষা ভবনের মাধ্যমিক শাখার কর্মকর্তা নাজিম উদ্দিনের বিরুদ্ধেও দালালের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। পরে তাকে পঞ্চগড়ে বদলি করা হলেও অল্প সময়ের মধ্যেই তিনি আবার রাজধানীর মোহাম্মদপুর সরকারি উদ্যান কলেজে পদায়ন পান। এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন অনুমোদন, অডিট আপত্তি নিষ্পত্তি, বদলি এবং এমপিওভুক্তির মতো নানা কাজে তদবিরের প্রবণতা সবচেয়ে বেশি। অভিযোগ রয়েছে, এসব কার্যক্রমে বিভিন্ন পরিচয় ব্যবহার করে দালাল চক্র সক্রিয় থাকে এবং কখনো রাজনৈতিক পরিচয়, কখনো সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করে।
সম্প্রতি এমনই এক ঘটনায় মুহিব্বুল্লাহ নামে এক ব্যক্তিকে মাউশি প্রশাসন আটক করে। অভিযোগ অনুযায়ী, তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নামে জাল ডিও লেটার ব্যবহার করে বদলির সুপারিশ করতে যান। তার ব্যাগ তল্লাশি করে ১৩টি জাল ডিও লেটার, ভুয়া পরিচয়পত্র, চেক, চেকবই, বিভিন্ন সরকারি দপ্তরের বদলিসংক্রান্ত নথি এবং অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। উদ্ধার হওয়া জাল ডিও লেটারগুলোর মধ্যে বিভিন্ন কলেজের শিক্ষক বদলি ও প্রেষণে নিয়োগের সুপারিশপত্রও ছিল, যেখানে প্রতিমন্ত্রীর নাম, দাপ্তরিক প্যাড ও স্বাক্ষর জাল করার অভিযোগ রয়েছে।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে কখনো ৩৬তম বিসিএস কর্মকর্তা, কখনো প্রতিমন্ত্রীর এপিএস, আবার কখনো যুগ্ম সচিব পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে তদবির করতেন। জালিয়াতির প্রাথমিক প্রমাণ পাওয়ার পরই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বদলি-পদায়নে সক্রিয় দালাল চক্র
সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা ভবনের বিভিন্ন করিডরে প্রতিদিন অসংখ্য সেবাপ্রার্থীর ভিড় থাকে। অভিযোগ রয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে দালাল চক্র শিক্ষক-কর্মকর্তাদের বদলি, পদায়ন ও অন্যান্য প্রশাসনিক কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ লেনদেন করে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সাংবাদিক পরিচয় ব্যবহার করে কয়েকজন ব্যক্তি শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে তদবির চালিয়ে আসছেন। এমন অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছে এবং কিছু ব্যক্তির শিক্ষা ভবন ও শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, ‘সচিবালয়ে দালালদের দৌরাত্ম্যে কাজ করতে পারি না। সেবাপ্রার্থীদের যেন এদের কাছে যেতে না হয়, সেজন্য আমি সরাসরি সাক্ষাৎ দিচ্ছি।’
এমপিওভুক্তি নিয়ে প্রতারণার অভিযোগ
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয়ে তদবির করার অভিযোগ রয়েছে। গত বছরের ২৫ ডিসেম্বর সচিবালয়ে অগ্নিকাণ্ডের দিন ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত দেখিয়ে একটি ভুয়া চিঠি সরকারি ওয়েবসাইটে আপলোডের ঘটনায় তদন্ত হয়। তদন্তে একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠে আসে।
তদন্ত কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব আনিসুর রহমান জানান, তদন্তে রবিউল ইসলামের সঙ্গে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করে রবিউল ইসলাম বলেন, তিনি ব্যক্তিগত কাজে সচিবালয়ে যান এবং ওই ভুয়া চিঠির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
শিক্ষা খাতে সুশাসন নিশ্চিত করতে দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)