ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নতুন রাষ্ট্রপতি নির্বাচনে অভিজ্ঞ রাজনীতিকের দিকেই ঝুঁকছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ক্ষমতাসীন বিএনপি নির্ভরযোগ্য ও অভিজ্ঞ একজন রাজনীতিককে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রগুলোর দাবি, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাষ্ট্রপতি নির্বাচনে আরও সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি। তাদের মূল্যায়ন, রাজনৈতিক সংকট মোকাবিলায় সক্ষম এবং দলীয় নীতি-আদর্শ সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে এমন কাউকেই রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হতে পারে। এ কারণে আমলা বা শিক্ষাবিদের পরিবর্তে অভিজ্ঞ রাজনীতিকদের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিএনপির নেতারা মনে করছেন, অতীতে রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতির কারণে সংকট তৈরি হয়েছিল। বিশেষ করে প্রয়াত রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সময়কার পরিস্থিতিকে তারা উদাহরণ হিসেবে তুলে ধরছেন। তাদের মতে, সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে এবার রাষ্ট্রপতি নির্বাচনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দলীয় সূত্রগুলোর দাবি, সরকারের ইতিবাচক সম্মতির পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর করেন। সাম্প্রতিক মাসগুলোতে সরকারের সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক কিছুটা শিথিল হয়ে পড়েছিল বলেও সংশ্লিষ্টদের পর্যবেক্ষণ।
সূত্রগুলোর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বিদেশ সফরের পর প্রচলিত রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতিকে সফর সম্পর্কে অবহিত করার কোনো তথ্য প্রকাশ না হওয়ায় দুই পক্ষের দূরত্ব নিয়ে আলোচনা শুরু হয়। এছাড়া গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের কথিত ফোনালাপের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলে বিএনপির ভেতরের কিছু নেতার দাবি। যদিও সাবেক রাষ্ট্রপতি এ অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।
দলটির নেতাদের ধারণা, ওই ঘটনায় রাষ্ট্রপতির প্রতি সরকারের আস্থায় প্রভাব পড়ে। তবে একই সঙ্গে তারা স্বীকার করছেন, মো. সাহাবুদ্দিন শারীরিকভাবেও অসুস্থ ছিলেন এবং পদত্যাগপত্রেও সে বিষয়টি উল্লেখ করেছেন।
সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপি নেতাদের আশা, আগামী সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে। দলীয় সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে সংসদের পরবর্তী অধিবেশন বসতে পারে।
রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই নেবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।
জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. নূরুল ইসলাম মনি বলেন, সংসদের মাধ্যমেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তার ভাষ্য, আগামী সংসদ অধিবেশনেই এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি আরও জানান, কাকে দল মনোনয়ন দেবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান, প্রয়োজনে তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করবেন।রাষ্ট্রপতি পদে নতুন নিয়োগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। তবে সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়াতেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
- ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?
- আগামীকাল ঢাবি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা
- বেতনের সাথে আরও যেসব সুবিধা পাবেন শিক্ষকরা
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা