×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

লটারির মাধ্যমে ইউপি সচিবদের পদায়ন

২০২৬ জুলাই ২২ ১৮:৫০:৪৮

লটারির মাধ্যমে ইউপি সচিবদের পদায়ন

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ সচিবদের বদলি কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ উদ্যোগের মাধ্যমে বদলি প্রক্রিয়ায় তদবির বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ বন্ধ করে নীতিমালাভিত্তিক পদায়ন নিশ্চিত করার কথা জানিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানমের উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ লটারির আয়োজন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পাঁচ উপজেলার ৬১টি ইউনিয়ন পরিষদে সচিবের অনুমোদিত পদ রয়েছে ৬২টি। বর্তমানে কর্মরত রয়েছেন ৫৭ জন এবং পাঁচটি পদ শূন্য রয়েছে। কর্মরত সচিবদের মধ্যে ৫২ জন বদলি কার্যক্রমে অংশ নেন।

এর মধ্যে ৪৫ জন নিজ নিজ উপজেলার ইউনিয়ন পরিষদে পদায়নের জন্য লটারিতে অংশগ্রহণ করেন। অন্যদিকে আবেদন ও যৌক্তিক কারণ বিবেচনায় সাতজনকে ভিন্ন উপজেলায় পদায়নের সুযোগ দেওয়া হয়। তারাও লটারির মাধ্যমে নতুন কর্মস্থল নির্ধারণ করেন।

সূত্র আরও জানায়, কর্মরত বাকি পাঁচজনের মধ্যে চারজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাদের এ বদলি কার্যক্রমের বাইরে রাখা হয়েছে। আর একজনকে প্রশাসনিক কারণে অন্তর্ভুক্ত করা হয়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছভাবে এ লটারির আয়োজন করা হয়েছে, যাতে বদলি কার্যক্রমে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ না থাকে। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৩ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত