ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
প্রতি বছর ৩৫ কোটি মানুষ ক্যানসারে আক্রান্ত হতে পারে
ডুয়া ডেস্ক: বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যানসারের প্রকোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ ‘গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন ক্যানসার ২০২৬’-এ বলা হয়েছে, জরুরি পদক্ষেপ নেওয়া না হলে ২০৫০ সালের মধ্যে প্রতিবছর নতুন ক্যানসার রোগীর সংখ্যা বেড়ে প্রায় ৩ কোটি ৫০ লাখ (৩৫ মিলিয়ন)-এ পৌঁছাতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রতি বছর প্রায় ২ কোটি ৬ লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন এবং প্রায় ১ কোটি মানুষের মৃত্যু হচ্ছে। হৃদরোগের পর ক্যানসার এখন বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ।
কেন বাড়ছে ক্যানসারের ঝুঁকি
ডব্লিউএইচওর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ বছরে বার্ষিক ক্যানসারের হার প্রায় ৭০ শতাংশ বাড়তে পারে। এর অন্যতম কারণ জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের গড় আয়ু বেড়ে যাওয়া। বয়স বৃদ্ধির সঙ্গে ক্যানসারের ঝুঁকিও বাড়ে। পাশাপাশি অস্বাস্থ্যকর জীবনযাপন ও পরিবেশগত বিপর্যয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
প্রতিবেদনে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির কয়েকটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে তামাকের ব্যবহার ও অতিরিক্ত অ্যালকোহল সেবন, যা প্রতিরোধযোগ্য ক্যানসারের সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া স্থূলতা, শারীরিক পরিশ্রমের অভাব, প্রক্রিয়াজাত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বায়ুদূষণ, ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ এবং হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) ও হেপাটাইটিস বি-এর মতো ভাইরাস সংক্রমণও ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এসব ভাইরাসের সংক্রমণ টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।
চিকিৎসায় বৈষম্য নিয়ে উদ্বেগ
প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত দেশগুলোর রোগীরা সহজেই আধুনিক স্ক্রিনিং, উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেলেও নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর রোগীরা চরম বৈষম্যের মুখে পড়ছেন।
দরিদ্র দেশগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই ক্যানসার শেষ পর্যায়ে শনাক্ত হয়। ফলে চিকিৎসা হয়ে ওঠে ব্যয়বহুল ও জটিল।
ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, ‘ক্যানসার একটি অত্যন্ত ব্যক্তিগত ব্যাধি যা আমাদের প্রায় প্রত্যেককেই স্পর্শ করে। কিন্তু একজন মানুষ ক্যানসারে টিকে থাকবেন কিনা, তা কখনোই সে কোথায় জন্মগ্রহণ করেছে বা তার আয় কত—তার ওপর নির্ভর করা উচিত নয়। এই বৈষম্যগুলো অপরিবর্তনীয় নয়; এগুলো ভুল নীতি ও সিদ্ধান্তের ফসল এবং ঐক্যবদ্ধ শক্তিশালী পদক্ষেপের মাধ্যমে এটি দূর করা সম্ভব।’
আইএআরসি-এর পরিচালক ড. এলিসাবেত উইডারপাস জানান, তামাক নিয়ন্ত্রণের কারণে কিছু দেশে ক্যানসারের হার কমলেও স্থূলতা, বায়ুদূষণ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে ক্যানসারের ধরনে পরিবর্তন আসছে। তাই ক্যানসার প্রতিরোধকে রাজনৈতিকভাবে অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রতিরোধে করণীয়
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো রোগ শনাক্ত করা গেলে লাখো মানুষের জীবন রক্ষা করা সম্ভব। এ জন্য তামাক ও ধূমপান বর্জন এবং তামাকজাত পণ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ, যথাসময়ে এইচপিভি ও হেপাটাইটিস বি-এর টিকা নিশ্চিত করা, নিয়মিত শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং স্তন, জরায়ুমুখ ও কোলন ক্যানসারের আগাম স্ক্রিনিংয়ের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ডব্লিউএইচও বিশ্বের সব দেশের সরকারকে ক্যানসার প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ ও রেডিওথেরাপির সহজলভ্যতা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে