ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী

২০২৬ জুলাই ০৬ ১৬:০৩:৫৫

পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে, সেবা গ্রহণ সহজ করতে, স্বচ্ছতা বাড়াতে এবং সময় ও ব্যয় কমাতে দ্রুততম সময়ে পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রক্রিয়ায় সাধারণ জনগণ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করতে হবে।

সোমবার (৬ জুলাই) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির মূল লক্ষ্য হচ্ছে সেবা সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করা। সরকার যে বাজেট প্রণয়ন করেছে, সেখানে দেশের প্রতিটি স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সাধারণ কারিগর, শিল্পী ও গায়ক-গায়িকাদেরও এই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। এই অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রা সফল করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। নাগরিকদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার একটি বিস্তৃত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

বৈশ্বিক প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম অগ্রসর দেশ এস্তোনিয়ার প্রযুক্তিগত উৎকর্ষতা ও মডেল যাচাইয়ের জন্য বর্তমানে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সেখানে অবস্থান করছে। আন্তর্জাতিক সেরা অনুশীলনগুলো এক মুহূর্ত সময় নষ্ট না করে দেশের আর্থিক খাতে প্রয়োগের নির্দেশও দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ইনোভেশন শোকেসিংয়ে প্রদর্শিত উদ্ভাবনগুলো প্রশংসনীয় হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলোকে তাদের মোট গ্রাহকের কত শতাংশ ডিজিটাল সেবা পাচ্ছেন, তা মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গ্রাহকদের প্রচলিত অভ্যাস পরিবর্তন করে অনলাইনভিত্তিক সেবায় অভ্যস্ত করতে প্রতিটি শাখার কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আকর্ষণীয় চিঠির মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল সেবার সুবিধাগুলো জানাতে হবে।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ সব আর্থিক প্রতিষ্ঠানে চালু হওয়া ডিজিটাল সেবার পরিধি ও সেবাগ্রহণের সুযোগ আরও বাড়াতে হবে। জনগণ যেন ঘরে বসে, রিকশায় কিংবা গাড়িতে বসেই অনায়াসে প্রয়োজনীয় সেবা নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। এতে মানুষের মূল্যবান সময়, যাতায়াত ব্যয় ও হয়রানি কমবে এবং দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।

তিনি গণমাধ্যমের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগের খবর জনগণের কাছে পৌঁছে দিতে সংবাদমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এতে সাধারণ মানুষ ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন হবে এবং দেশ দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?

স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন... বিস্তারিত