ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

টানা ঊর্ধ্বগতির পর শেয়ারবাজারে দর সংশোধন

২০২৬ জুলাই ০২ ১৫:১১:৩৮

টানা ঊর্ধ্বগতির পর শেয়ারবাজারে দর সংশোধন

নিজস্ব প্রতিবেদক : টানা রেকর্ড উত্থানের ধারাবাহিকতার পর দেশের শেয়ারবাজারে বৃহস্পতিবার (০২ জুলাই) স্বাভাবিক দর সংশোধন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ প্রধান সূচকসহ মোট দুটি সূচক নিম্নমুখী হয়েছে, যদিও একটি সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে। এছাড়া, লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে শেয়ারবাজার অতীতের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অবস্থানে রয়েছে। তাদের মতে, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের সময় বাজারে যতটুকু উত্থান দেখা যেত, তার চেয়ে বড় আকারের পতন পরবর্তী সময়ে ঘটত। সে সময় শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন ছিল প্রায় নিত্যদিনের ঘটনা এবং বাজার কার্যত লাইফ সাপোর্টে চলে গিয়েছিল।

এ অবস্থার কারণে একের পর এক দরপতনে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ ক্রমাগত বেড়েছে। অনেকেই পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে শেয়ারবাজার থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।

তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, বাজার এখন ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। এখন যে পরিমাণ দরপতন হচ্ছে, পরবর্তী সময়ে তার তুলনায় অপেক্ষাকৃত বেশি ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাজারের সূচক ও দৈনিক লেনদেন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বাজারসংশ্লিষ্টদের আশা, আজকের এই দর সংশোধন সাময়িক এবং ভবিষ্যতে বাজার আরও উচ্চতায় পৌঁছাতে পারে। তবে তারা বিনিয়োগকারীদের প্রতি যেকোনো পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, বিচক্ষণ ও সতর্ক বিনিয়োগের মাধ্যমেই পুঁজি সুরক্ষিত রাখা সম্ভব।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪৩.৮৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮.৯২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৬.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬২.০১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৩টির দর বেড়েছে, ১৮৫টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৩৪ কোটি ১১ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩১ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০টির, কমেছে ৯৪টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪০৭.৭৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৮.০৮ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত