ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

‘গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে’

২০২৬ জুন ১৭ ১৫:৪৮:২৯

‘গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ (জাতীয় কর্মপরিকল্পনা) প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৭ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং বাকস্বাধীনতার বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনাকালে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশ চাইলে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।

একই সঙ্গে তিনি এ উদ্যোগ বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আগ্রহও প্রকাশ করেন।

রাষ্ট্রদূতের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্যের প্রভাব থেকে সুরক্ষা দেওয়াও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, এই দুই বিষয়কে সমান গুরুত্ব দিয়েই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

তথ্যমন্ত্রী আরও জানান, গণমাধ্যম খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে একটি ‘ড্রাফট কমিটি’ গঠন করা হবে। ওই কমিটি একটি ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ প্রস্তুত করে সরকারের কাছে জমা দেবে। পরবর্তীতে সেই কর্মপরিকল্পনার ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত