ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিরোধীদলের লক্ষ্য দেশে অস্থিতিশীলতা তৈরি করা: প্রধানমন্ত্রী

২০২৬ জুন ১৩ ১৩:৫৫:৪৭

বিরোধীদলের লক্ষ্য দেশে অস্থিতিশীলতা তৈরি করা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সদ্য ঘোষিত জাতীয় বাজেট নিয়ে বিরোধী দলের নেতিবাচক সমালোচনার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, "যে বাজেটে ট্যাক্স কমানো হয় কিংবা মদ-সিগারেটের দাম বাড়ানো হয়, তাও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং দেশে একটি অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা।" শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাজেট পরবর্তী বাজার পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাজেট দেওয়ার পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়েনি। উল্টো ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। আর মদ ও সিগারেটের ওপর কর বাড়ানো হয়েছে কারণ এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ‘করবো কাজ, গড়ব দেশ’—এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, দেশের ২০ কোটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই যুগ পর কক্সবাজার বিমানবন্দরে পা রাখেন প্রধানমন্ত্রী। পরে বেলা ১১টার দিকে তিনি নিজ হাতে মাটি কেটে ঐতিহাকিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উল্লেখ্য, ১৯৭৭ সালে গ্রামীণ অর্থনীতি ও সেচব্যবস্থার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, এই পাতলী খাল তারই অংশ। প্রায় অর্ধশতাব্দী পর বাবার সেই স্মৃতিধন্য খালের পুনঃখনন করলেন ছেলে তারেক রহমান। তিনি জানান, এই খাল পুনঃখননের ফলে সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার মেট্রিক টন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

পথসভায় প্রধানমন্ত্রী কৃষক, নারী ও স্বাস্থ্য খাতের জন্য সরকারের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, সদ্য ঘোষিত বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা আড়াই হাজার টাকা করে নগদ প্রণোদনা পাবেন। নারী শিক্ষার প্রসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশ গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাজেটে বিশেষ বরাদ্দের পাশাপাশি হার্টের রিং এবং কিডনি ডায়ালাইসিসের চিকিৎসা উপকরণের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত