ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষকদের উপস্থিতি ট্র্যাকিংয়ে নতুন নির্দেশনা জারি

২০২৬ জুন ১২ ১৭:৫০:৩৫

শিক্ষকদের উপস্থিতি ট্র্যাকিংয়ে নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে পাঠদান কার্যক্রম আরও কার্যকর করতে নতুন নজরদারি ব্যবস্থা চালু করছে সরকার। এ লক্ষ্যে আগামী ১৫ জুন থেকে সারাদেশে প্রধান ও সহকারী শিক্ষকদের উপস্থিতি প্রতিদিন পর্যবেক্ষণের আওতায় আনা হবে। নতুন ব্যবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষকদের উপস্থিতির তথ্য এবং হাজিরা খাতার ছবি সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এই আদেশ জারি করা হয়।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত ১৬০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে নতুন এই নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা ২০ মিনিটের মধ্যে (ঢাকা মহানগরীর জন্য সকাল ৭টা ৫০ মিনিট) প্রধান শিক্ষকরা তাদের নিজ নিজ ক্লাস্টার গ্রুপে উপস্থিতি সংক্রান্ত এসএমএস ও হাজিরা খাতার ছবি পাঠাবেন। পরবর্তীতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং বিভাগীয় উপপরিচালকরা পর্যায়ক্রমে এই তথ্য একত্রিত করে নির্ধারিত সময়ের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বাধ্য থাকবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, তথ্য প্রেরণের পুরো প্রক্রিয়ায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা বা প্রধান শিক্ষক যদি ভুল তথ্য দেন অথবা নির্ধারিত সময়ে তথ্য পাঠাতে ব্যর্থ হন, তাহলে তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত