ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ক্রিকেটার নাসির-তামিমার মামলার রায় আজ
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় আজ (বুধবার) ঘোষণা করা হবে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ রায় দেওয়া হবে।
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানির অভিযোগে করা মামলাটির উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর গত ৬ মে আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন।
সেদিন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু নাসির ও তামিমাকে নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন। শুনানির সময় উভয় আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিব হাসান ও তামিমা সুলতানার বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। পেশায় বিমান কেবিন ক্রু তামিমার সঙ্গে ক্রিকেটার নাসির হোসাইনের বিয়ের ছবি ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানতে পারেন রাকিব।
বাদীর অভিযোগ, বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের দৃষ্টিতে অবৈধ। একইসঙ্গে নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় রাকিব ও তার কন্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তবে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
পরে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে নাসির ও তামিমার পক্ষ থেকে এবং সুমি আক্তারকে অব্যাহতির বিরুদ্ধে বাদীপক্ষ থেকে পৃথক রিভিশন আবেদন করা হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ উভয় আবেদন খারিজ করে বিচার কার্যক্রম চলমান রাখার নির্দেশ দেন।
মামলাটিতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত ১৬ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্য শেষে গত ৬ মে উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
মামলার বাদী রাকিব হাসান বলেন, তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে ন্যায়বিচারের আশায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তার ভাষ্য, কেউ যেন ইচ্ছামতো অন্যের সংসার ভাঙতে না পারে, সে উদ্দেশ্যেই তিনি এই মামলা করেছেন।
অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান দাবি করেন, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন এবং সর্বোচ্চ শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন।
তবে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, তাদের অবস্থান ইতিবাচক এবং তারা বিশ্বাস করেন, নাসির ও তামিমা আদালত থেকে খালাস পাবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)