ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আজ (১০ জুন) যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। ঈদুল আজহার ছুটির কারণে প্রতিবছরের নির্ধারিত ২৯ মে’র পরিবর্তে এবার দিবসটির আয়োজন করা হয়েছে জুন মাসে।
দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হবে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা এবং মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনরত শান্তিরক্ষীদের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীরা সাহস, ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠার পথে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি আহত সদস্য ও তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানান।
জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বাংলাদেশ। শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ বহু বছর ধরেই শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ছিল সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ।
১৯৮৮ সালে ইরান-ইরাক সীমান্তে সামরিক পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের যাত্রা শুরু হয়। এরপর গত ৩৮ বছরে দেশটি শান্তিরক্ষা কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী ১৯৯৩ সাল থেকে এবং বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে আসছে। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৮২৮ জন সদস্য, যার মধ্যে এক হাজার ৯২৮ জন নারী, বিশ্বের ২৫টি দেশের ২৭টি মিশনে দায়িত্ব পালন করেছেন।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও অঞ্চলে ৬৩টি জাতিসংঘ মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এসব মিশনে মোট দুই লাখ ছয় হাজার ৪৭৬ জন শান্তিরক্ষী অংশ নেন, যার মধ্যে নারী শান্তিরক্ষীর সংখ্যা তিন হাজার ৬৪৫ জন। বর্তমানে জাতিসংঘের ৯টি শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের চার হাজার ৪১২ জন সদস্য কর্মরত রয়েছেন।
এ পর্যন্ত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। তাদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ১৩৮ জন, নৌবাহিনীর চারজন, বিমানবাহিনীর নয়জন এবং পুলিশের ২৪ জন সদস্য। এছাড়া বিভিন্ন মিশনে আহত হয়েছেন ২৮৭ জন শান্তিরক্ষী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়