ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান টিআইবির

২০২৬ জুন ০৯ ১৮:২১:৫১

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান টিআইবির

নিজস্ব প্রতিবেদক: টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) প্রতিবেদন পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রণীত মন্ত্রীর এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে এ ধরনের মন্তব্যকে অযৌক্তিক এবং মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর ব্যর্থ চেষ্টা বলেও উল্লেখ করেছে টিআইবি।

মঙ্গলবার (৯ জুন) এক সংবাদ বিবৃতিতে এসব প্রতিক্রিয়া জানায় সংস্থাটি।

টিআইবি জানায়, সামাজিক বিজ্ঞান গবেষণায় স্বীকৃত গুণগত ও পরিমাণগত পদ্ধতি অনুসরণ করে তারা তথ্য সংগ্রহ করে থাকে। বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ সূত্র থেকে সংগৃহীত তথ্য একাধিক ধাপে যাচাই-বাছাই করে বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচিত তথ্যের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ ও তিনটি সুপরিচিত মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন সূত্র ব্যবহার করা হয়েছে, যা প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই শুধু পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে টিআইবি।

সংস্থাটি আরও জানায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য তারা প্রাসঙ্গিক ক্ষেত্রে ব্যবহার করলেও তা কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে অন্যান্য উৎসের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়। ফলে টিআইবির প্রতিবেদনকে ঢালাওভাবে গণমাধ্যমনির্ভর বলা সঠিক নয়।

এ বিষয়ে টিআইবি বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের প্রথম ১০০ দিনের শাসনব্যবস্থা ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া তাদের গবেষণাকে আরও ফলপ্রসূ করতে সহায়তা করবে। একই সঙ্গে সংস্থাটি মনে করিয়ে দেয়, তারা কোনো তদন্ত সংস্থা নয় বরং সুশাসন ও দুর্নীতিবিরোধী গবেষণাভিত্তিক একটি প্রতিষ্ঠান।

এর আগে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, টিআইবি কোনো সরকারি সংস্থা নয়। তারা মাঠপর্যায়ে তদন্ত না করে কেবল পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে তাই এসব প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত