ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

চাহিদায় ধস: লোকসানে শেয়ারবাজারের একমাত্র সরকারি পাইপ নির্মাতা

২০২৬ এপ্রিল ১২ ০৮:৪৮:২৩

চাহিদায় ধস: লোকসানে শেয়ারবাজারের একমাত্র সরকারি পাইপ নির্মাতা

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত একমাত্র সরকারি স্টিল পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেডের ব্যবসায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটির বিক্রি প্রায় অর্ধেক কমে গেছে, যার ফলে মুনাফা থেকে বড় অংকের লোকসানে পর্যবসিত হয়েছে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় অনুমোদিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে ন্যাশনাল টিউবসের নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১৮.১৫ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩৬.২৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে প্রায় ৫০ শতাংশ।

বিক্রিতে এই ধসের কারণে নয় মাসে কোম্পানিটি ৫.৫৭ কোটি টাকা নিট লোকসান গুনেছে। অথচ গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে প্রতিষ্ঠানটি ২.৬৬ কোটি টাকা মুনাফা করেছিল। বর্তমানে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সা।

কেবল জানুয়ারি-মার্চ প্রান্তিক হিসাব করলে দেখা যায়, ন্যাশনাল টিউবস ১.৩১ কোটি টাকা লোকসান দিয়েছে। গত বছর এই একই সময়ে কোম্পানিটি ১.৪২ কোটি টাকা মুনাফায় ছিল। এ বছর তৃতীয় প্রান্তিকে রাজস্ব ৪০ শতাংশ কমে ৮.১২ কোটি টাকায় নেমে এসেছে।

ন্যাশনাল টিউবস কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন শিল্প ও সেবা খাতে স্টিল পাইপের চাহিদা ব্যাপকভাবে কমে যাওয়ায় তাদের ব্যবসায় এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। কোম্পানিটি মূলত তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস, বাপেক্স, ওয়াসা এবং বিভিন্ন আবাসন ও অগ্নিনির্বাপক সংস্থার প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করে।

১৯৬৪ সালে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে জাতীয়করণ করা হয় এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-এর অধীনে ন্যস্ত করা হয়। ১৯৮৯ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়, যার ৪৯ শতাংশ শেয়ার সাধারণ জনগণের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত