ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ঢাকা বোর্ডে এসএসসি অ্যাডমিট কার্ড বিতরণের সময়সূচি ঘোষণা

২০২৬ মার্চ ২২ ১১:৩৪:১৬

ঢাকা বোর্ডে এসএসসি অ্যাডমিট কার্ড বিতরণের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এক নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আসন্ন পরীক্ষাকে সামনে রেখে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বিতরণের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বিতরণের তারিখ চূড়ান্ত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের মাঝে এই প্রবেশপত্র বিতরণ করা হবে। পরবর্তীতে কেন্দ্রসচিবরা তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে ৭ এপ্রিল প্রবেশপত্র হস্তান্তর করবেন।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক সত্যায়িত স্বাক্ষরসহ অফিস চলাকালীন বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তবে কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের ক্ষমতা দেওয়া যাবে না। ৭ এপ্রিল কেন্দ্রসচিবরা তার কেন্দ্রের অধীনস্থ সকল স্কুলকে প্রবেশপত্র বুঝিয়ে দেবেন।

প্রবেশপত্র হাতে পাওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের তা নিবিড়ভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো পরীক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম, রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে কোনো ভুল থাকে কিংবা প্রবেশপত্র কম-বেশি হয়, তবে তা আগামী ৮ এপ্রিল থেকে ১৯ এপ্রিলের মধ্যে সংশোধন করে নিতে হবে।

সংশোধনের জন্য নির্ধারিত ছক অনুযায়ী মাধ্যমিক শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ভুল সংশোধন না করলে পরীক্ষায় কোনো জটিলতা তৈরি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন।

আবেদনপত্রে পরীক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর, ভুলের বিবরণ এবং সঠিক তথ্যের স্পষ্ট উল্লেখ থাকতে হবে।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত