ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ঢাবিসহ ৫ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি

২০২৬ মার্চ ১৭ ১৭:১৮:১৮

ঢাবিসহ ৫ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ ও অব্যাহতির আদেশ দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে তাঁর মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অধ্যাপক ওবায়দুল ইসলামকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁকে তাঁর মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ড. ফরিদুল ইসলাম আগামী চার বছর এই পদে দায়িত্ব পালন করবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এই নিয়োগের পাশাপাশি বর্তমান উপাচার্য অধ্যাপক (অব.) মো. রেজাউল করিমকে তাঁর পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই পদের জন্য বুয়েট অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিবকে মনোনীত করা হলেও তিনি যোগদান না করায় তাঁর নিয়োগটি বাতিল করে নতুন এই নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত উপাচার্যদের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন। উপাচার্যগণ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতাসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত