ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২৬ মার্চ ১৭ ১৭:৩৭:৩৯

পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) ‘কৃষক কার্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী দিনে তিনি টাঙ্গাইল সদর উপজেলায় সরাসরি কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ করবেন। প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেল’-এর এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আতিকুর রহমান রুমন জানান, পহেলা বৈশাখে কেবল টাঙ্গাইল নয়, দেশের মোট ১১টি উপজেলায় একযোগে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এই উপজেলাগুলোর ২১ হাজার ৫০০ জন কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি অর্থ সহায়তা পৌঁছে যাবে।

কৃষক কার্ডের সুবিধা সম্পর্কে অতিরিক্ত প্রেস সচিব বলেন, এটি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের প্রদান করা হবে। এটি একটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। মূলত ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণির কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ের জন্য সরকার বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা দেবে। এই কার্ড ব্যবহার করে কৃষকরা প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক এবং পশুখাদ্য ক্রয় করতে পারবেন।

টাঙ্গাইল সদর, পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

বৈঠক সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল পরিচিতি নিশ্চিত হবে। এর ফলে কৃষি ভর্তুকি, ঋণ সুবিধা এবং অন্যান্য সরকারি সহায়তা সরাসরি প্রকৃত কৃষকের কাছে পৌঁছাবে, যা প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনবে। বৈঠকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের তথ্য সংরক্ষণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ ইয়াসিন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত