ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

বদলে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ

২০২৬ মার্চ ১৭ ১২:৫১:৫৩

বদলে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠনের পর পার হয়েছে ঠিক এক মাস। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শপথ নেওয়া এই সরকারের প্রথম ২৮ দিনকে এক ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্তারিত পোস্টে তিনি সরকারের এই স্বল্প সময়ের অর্জন ও জনমুখী ২৮টি পদক্ষেপের চিত্র তুলে ধরেন। তাঁর মতে, প্রতিটি পদক্ষেপই জনগণের প্রতি প্রধানমন্ত্রীর গভীর দায়বদ্ধতার প্রতিফলন।

সামাজিক সুরক্ষা ও মানবিক উদ্যোগ: সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় ৩৭,৫৬৭টি পরিবারকে দেওয়া হয়েছে ‘ফ্যামিলি কার্ড’, যার মাধ্যমে মাসিক ২,৫০০ টাকা সহায়তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৪,৯০৮ জন ইমাম-মুয়াজ্জিন, ৯৯০ জন পুরোহিতসহ বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী ৪,০০০-এর বেশি ধর্মীয় সেবকদের মাসিক সম্মানীর আওতায় আনা হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিশেষ পোশাক ও হাজি রুমাল বিতরণ এবং পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আলেম সমাজের পরামর্শে জাকাত ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি ও গ্রামীণ অর্থনীতি: কৃষকদের জন্য বড় খবর হিসেবে এসেছে প্রায় ১২ লাখ প্রান্তিক চাষির সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফের ঘোষণা। চালু হচ্ছে বহুল প্রতিক্ষিত ‘কৃষক কার্ড’, যা ইতোমধ্যে ২৭,০০০ কৃষক পেতে যাচ্ছেন। কৃষির সেচ ব্যবস্থা ও জলাবদ্ধতা দূর করতে ৫৪টি জেলায় ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খননের কাজ পুরোদমে শুরু হয়েছে।

প্রশাসনিক সংস্কার ও সুশাসন: প্রশাসনে গতি ফেরাতে প্রধানমন্ত্রী নিজে শনিবারও অফিস করছেন এবং সকাল ৯টার মধ্যে কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক করেছেন। প্রটোকল সংস্কৃতিতে বৈপ্লবিক পরিবর্তন এনে ভিভিআইপি চলাচলে সাধারণ মানুষের ভোগান্তি কমানো হয়েছে। বিমানবন্দরে সংবর্ধনা আনুষ্ঠানিকতা কমিয়ে আনা হয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে সংসদ সদস্যরা এখন থেকে শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট পাবেন না এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থনীতি ও শিল্প উন্নয়ন: বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকির পাশাপাশি জ্বালানি সংকট মেটাতে স্পট এলএনজি কেনা হয়েছে। ১০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগের লভ্যাংশ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়ার শর্ত শিথিল করা হয়েছে। তৈরি পোশাক খাতসহ রপ্তানিমুখী শিল্পের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ করে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস নিশ্চিত করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা: শিক্ষাখাতে প্রতি বছর পুনর্ভর্তি ফি এবং লটারি প্রথা বাতিল করা হয়েছে। মেধাবীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৯,০০০ ধর্মীয় শিক্ষক এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী (যাঁদের ৮০ শতাংশই নারী) নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া প্রতিটি জেলায় ই-হেলথ কার্ড চালু হচ্ছে। নারীর নিরাপত্তা নিশ্চিতে ‘পিংক বাস’ এবং সাইবার বুলিং প্রতিরোধের মতো পদক্ষেপগুলোও প্রশংসিত হয়েছে।

রাষ্ট্রীয় মূল্যবোধ ও অবকাঠামো: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসে কৃচ্ছ্রসাধনের নির্দেশ দেওয়া হয়েছে। পিলখানা ট্র্যাজেডির স্মরণে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করা হয়েছে। পর্যটন নগরী কক্সবাজারসহ দেশজুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর পদক্ষেপ এবং বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর নির্দেশ দিয়ে ডিজিটাল সেবা নিশ্চিতের পথে হাঁটছে সরকার। মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অগ্রযাত্রা নতুন প্রজন্মকে এক উন্নত ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত