ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
প্রধানমন্ত্রী তারেক রহমান
'বিএনপি সরকার অনিয়মের সব সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর'
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে তাঁর প্রথম ভাষণে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এই ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং নতুন সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণের মূল অংশগুলো নিচে তুলে ধরা হলো:
গণতন্ত্রের বিজয় ও শহীদদের প্রতি শ্রদ্ধা
প্রধানমন্ত্রী বলেন, ‘হাজারও শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রালগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই।’
তিনি আরও যোগ করেন, ‘মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য।’
আইনের শাসন ও দুর্নীতি দমন
রাষ্ট্র পরিচালনায় দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং, জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী সবরকমের কঠোর পদক্ষেপ নিচ্ছে।’
তিনি স্পষ্ট করে বলেন, ‘দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।’
পবিত্র রমজান ও বাজার নিয়ন্ত্রণ
রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ‘রমজান আত্মশুদ্ধির মাস। আপনাদের প্রতি আমার আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যাবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন।’ তিনি আরও জানান, ‘বিএনপি সরকার সবক্ষেত্রেই অনাচার অনিয়মের সব সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর।’
বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে নির্দেশনা
রোজাদারদের সুবিধার জন্য তিনি বলেন, ‘রোজাদাররা ইফতার, তারাবি, সেহরির সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরইমধ্যে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।’ পাশাপাশি তিনি অফিস-আদালতে অপচয় রোধ ও কৃচ্ছতা সাধনের আহ্বান জানান।
বিলাসিতা ত্যাগ ও দৃষ্টান্ত স্থাপন
নিজেদের অবস্থান পরিষ্কার করে তারেক রহমান বলেন, ‘বিপিএন-এর সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ‘ন্যায়পরায়নতার’ আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি, বিএনপির সংসদীয় দলের এসব সিদ্ধান্ত ‘ন্যায়পরায়নতার আদর্শেরই প্রতিফলন।’
যোগাযোগ ও জনসম্পদ উন্নয়ন
ঢাকার যানজট নিরসন ও জনসংখ্যার চাপ কমাতে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘রেল নৌ সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে।’ এছাড়া দেশের জনসংখ্যাকে ‘জনসম্পদ’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে এই জনসংখ্যাই হবে আমাদের ‘জনসম্পদ’। মেধায় জ্ঞানে বিজ্ঞানে নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য যতরকমের সহযোগিতা দেয়া যায়, সবরকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত।’
সবার জন্য সমান অধিকারের অঙ্গীকার
সবশেষে তিনি দল-মত নির্বিশেষে সকল নাগরিকের প্রতি সমান দৃষ্টিভঙ্গির কথা জানান। তিনি বলেন, ‘নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে, দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশি হিসেবে, আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার সমান।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- ২০২৬ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা?
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা