ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ব্যয় কমানো ও বাজার সংস্কারের তাগিদ
নিজস্ব প্রতিবেদক: খাদ্যনিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় কৃষি উৎপাদন ব্যয় কমানো, বাজারব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র মানুষের খাদ্যে প্রবেশাধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে খাদ্য অধিকার আইন প্রণয়ন ও সামাজিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ‘খাদ্য নিরাপত্তার সতর্কবার্তা, পুষ্টি ও দারিদ্রাবস্থা এবং খাদ্যব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক সভাটির আয়োজন করে খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক ও ওয়েভ ফাউন্ডেশন।
সভায় সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক। আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ এম এম আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ উপদেষ্টা তানিয়া শারমিন। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান।
মহসিন আলী বলেন, কৃষকেরা খাদ্য উৎপাদন করলেও তাঁদের অনেকেই পর্যাপ্ত খাবার পান না। মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন জরুরি। এ জন্য নাগরিকদের সংগঠিত হয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।
এ কে এনামুল হক বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে খাদ্যনিরাপত্তা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে। খাদ্য সরবরাহব্যবস্থা সচল রাখা, ভেজাল প্রতিরোধ, কৃষি উৎপাদন ব্যয় কমানো এবং কর্মসংস্থান নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা ও সমাধানভিত্তিক গবেষণায় গুরুত্ব দিতে হবে।
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, মন্দা ও মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে। সম্ভাব্য সংকটের সময় দরিদ্র মানুষের খাদ্য নিশ্চিত করতে ভূমি সংস্কার এবং সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, মূল্যস্ফীতির চাপে অনেক পরিবার নতুন করে দরিদ্র হয়ে পড়ছে। বিশেষ করে শিশু, প্রবীণ ও দিনমজুর পরিবারের জন্য বিশেষ সহায়তা প্রয়োজন। এ জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বরাদ্দ বাড়ানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং ন্যূনতম মজুরি নির্ধারণ জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত