×

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জালিয়াতির অভিযোগে তিন উপসচিব ওএসডি

২০২৬ অক্টোবর ২৯ ১৮:১০:৫৪

জালিয়াতির অভিযোগে তিন উপসচিব ওএসডি

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার রাতে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওএসডি হওয়া তিন কর্মকর্তা হলেন জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক।

এই তিন কর্মকর্তা ২৯তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন। সরকারি নথিতে তাঁরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা গেছে, বিসিএস পরীক্ষার সময় তাঁদের কেউই মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী হিসেবে আবেদন করেননি। তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক। সরকারি চাকরিতে নিয়োগের সময় জমা দেওয়া সনদ ও কোটার যোগ্যতা নিয়ে বিতর্কের মধ্যেই এ ব্যবস্থা নিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ২৯তম বিসিএসে নিয়োগের প্রথম গেজেট প্রকাশিত হয় ২০১১ সালের ১০ জুলাই। ওই গেজেটে প্রশাসন ক্যাডারে ১৮৪ জনের নাম ছিল। সে সময় মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়ায় ১৪টি পদ শূন্য ছিল। প্রথম গেজেট প্রকাশের ১৩ মাস পর ওএসডি হওয়া এই তিন কর্মকর্তাসহ আরও কয়েকজনের নামে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন না করেও ২৯তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাওয়ার অভিযোগে ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদক পৃথক ছয়টি মামলা করেছে।

চিঠিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

চিঠি দেওয়ার ছয় মাস পর তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকি তিনজন পুলিশ, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তবে তাঁদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত