ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
প্রতি কিলোমিটারে বাড়ছে বাসভাড়া, প্রজ্ঞাপন আজ
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গতকাল বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ওই বৈঠকে মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।
তবে আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বৈঠকে বিআরটিএর সুপারিশের চেয়ে ভাড়া বৃদ্ধির হার কমানোর সিদ্ধান্ত হয়। সেখানে মহানগর ও দূরপাল্লা উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন হার কার্যকর হলে দূরপাল্লার বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা ভাড়া বেড়ে ২ টাকা ৪০ পয়সা হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বর্তমানে কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা ভাড়া রয়েছে। ১৭ পয়সা বাড়লে এই ভাড়া দাঁড়াবে ২ টাকা ৭০ পয়সা।
বৈঠক সূত্র জানিয়েছে, নতুন ভাড়ার হার কোন কোন শ্রেণির বাসে কীভাবে প্রযোজ্য হবে, তা প্রজ্ঞাপনে স্পষ্ট করা হবে। মন্ত্রণালয়ের বৈঠকে যাত্রীদের ওপর বাড়তি চাপের বিষয়টি বিবেচনা করেই বিআরটিএর প্রস্তাবিত হার থেকে ভাড়া বৃদ্ধির পরিমাণ কমানো হয়েছে।
গত রবিবার সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। এর ফলে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।
বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ২০ টাকা বাড়ায় পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার কথা তুলে ধরে বাসভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিল পরিবহন মালিকপক্ষ। সেই দাবির পরিপ্রেক্ষিতেই বিআরটিএ ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেয়।
এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছিল।
এবারের সিদ্ধান্ত কার্যকর হলে চলতি বছরের এপ্রিলের ভাড়া বৃদ্ধির পাঁচ মাসের ব্যবধানেই আবারও বাসভাড়া বাড়বে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর