×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে মনিটরিংয়ের আওতায় আনার পরিকল্পনা: ববি হাজ্জাজ

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৭:৫৩:৩৭

সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে মনিটরিংয়ের আওতায় আনার পরিকল্পনা: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক: দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে ধাপে ধাপে মনিটরিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রয়োজনীয় জনবল, প্রশিক্ষণ ও সক্ষমতা গড়ে তুলে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

প্রাথমিক শিক্ষার সাফল্য শুধু কোনো প্রকল্প বাস্তবায়ন কিংবা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কতটা শিখছে এবং তাদের শেখার ফলাফলে কী ধরনের পরিবর্তন আসছে, সেটিই প্রাথমিক শিক্ষার সাফল্য পরিমাপের প্রধান মানদণ্ড হওয়া প্রয়োজন।

আজ (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ: সরকার কতখানি এগোলো? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি) নিয়ে ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার অবকাঠামো, প্রযুক্তি, প্রশাসনিক সক্ষমতাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের মাধ্যমে উন্নয়ন হয়েছে। এসব উদ্যোগ প্রয়োজনীয় হলেও শিক্ষার্থীদের শেখার ফলাফলকে সামনে রেখে পুরো ব্যবস্থাকে আরও কার্যকরভাবে সাজানোর প্রয়োজন রয়েছে।

শিক্ষক সংকট সমাধানের পাশাপাশি শিক্ষক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিক্ষক নিয়োগ, পেশাগত ক্যারিয়ার, মূল্যায়ন, প্রশিক্ষণ ও উন্নয়ন—সবকিছুকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনার কাজ চলছে। শিক্ষক নিয়োগের পর তাঁদের ক্যারিয়ার ট্রাজেক্টরি, মূল্যায়ন ও প্রশিক্ষণ কীভাবে হবে, সেসব বিষয় বাস্তবসম্মত ও যৌক্তিকভাবে সাজানো হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি, এক শিফট চালু এবং শ্রেণিকক্ষে কার্যকর শিখনসময় নিশ্চিত করার বিষয়গুলো নিয়েও নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান ববি হাজ্জাজ। পাশাপাশি কারিকুলাম প্রণয়নে শিশুমনোবিজ্ঞানী ও প্রারম্ভিক শিক্ষার বিশেষজ্ঞদের আরও কার্যকরভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি-বেসরকারি নির্বিশেষে দেশের সব প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে কার্যকর মনিটরিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কিন্ডারগার্টেনসহ অন্যান্য প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের রয়েছে। এই দেশের মাটিতে যে শিক্ষাপ্রতিষ্ঠানই থাকুক না কেন, সেখানে শিক্ষার মান নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সংলাপটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং চিকিৎসক তাসনিম জারা।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। এ ছাড়া শিক্ষা সংশ্লিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত