×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকতা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ: তথ্যমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১৬ ২১:০৫:৪৭

সাংবাদিকতা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের উপস্থিতি ও কাজের মধ্য দিয়েই গণতন্ত্রের অস্তিত্ব দৃশ্যমান হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তাঁর মতে, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ সাংবাদিকতা। বিশেষ করে ক্রাইম বিটে কর্মরত সাংবাদিকদের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয় এবং এ পেশায় অনেক সময় তাদের চড়া মূল্যও দিতে হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সাংবাদিকসহ বিভিন্ন খাতে কর্মরত মানুষের জন্য এখনো পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার মতো কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।

দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি মাত্র ২০ দিন হলো দায়িত্বে এসেছি। কতখানি করতে পারবো, না পারবো যেটা অবশ্যই একটা সিস্টেমের মধ্যে থেকে এখন আমাদের কাজ করতে হয়।’

সাংবাদিকদের সঙ্গে সহজে যোগাযোগের সুযোগ রাখার কথা জানিয়ে তিনি বলেন, ‘আই অ্যাম ভেরি ইজিলি অ্যাক্সেসেবল। আপনারা আমাকে সবসময়ই পাবেন এবং আপনারা আমার কাছে আসতে পারবেন, আমাকে বলতে পারবেন।’

নিজের রাজনৈতিক পটভূমির প্রসঙ্গ তুলে ধরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যার বিষয় তিনি উপলব্ধি করেন। মন্ত্রণালয়ের অধীন ১৫টি বিভাগকে নিজের পরিবারের মতো উল্লেখ করে তিনি জানান, এসব বিভাগের প্রত্যেকটির প্রতিই তাঁর দায়িত্ব রয়েছে।

গত ১৭ বছরে একটি ব্যবস্থা করাপ্টেড হয়ে পড়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর সেটি ঠিক করাই বড় চ্যালেঞ্জ। তাঁর ভাষায়, ‘একটা খালি জায়গাতে একটা দালান বানানো অনেক সহজ, কিন্তু একটা পুরোনো, ভাঙাচোরা দালানকে আবার সেখান থেকে বানানো অনেক বড় কঠিন একটা কাজ।’

সাংবাদিকদের প্রয়োজন হলে যেকোনো সময় তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘যখন যেটা আপনাদের দরকার, যখন যেটা আপনারা প্রয়োজন মনে করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশা আল্লাহ আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান করব এবং আমরা আপনাদের সঙ্গে আছি।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত