×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সরিয়ে দেওয়া হলো গুলশানের ডিসিকে

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৯:৫৪:৩১

সরিয়ে দেওয়া হলো গুলশানের ডিসিকে

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনার পর ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দায়িত্ব থেকে সরানো হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এম তানভীর আহমেদকে সরানোর বিষয়টি জানানো হয়। এতে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাকে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে একই দিনে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে দায়িত্ব থেকে সরানো হয়। আদেশ অনুযায়ী, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন সড়কে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করেন। ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনার পর অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত