×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আসিফের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করছে দুদক

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৯:২৭:২৯

আসিফের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করছে দুদক

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ থাকা দেশগুলো থেকে প্রয়োজনে তথ্য চাওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। তিনি বলেছেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগ মনগড়া নয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ধাপে কার্যক্রম নেওয়া হয়েছে। অনুসন্ধান এখনো চলমান। তদন্তে যে তথ্য পাওয়া যাবে, তার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে নিজের ইচ্ছামতো কাজ করার কোনো সুযোগ নেই।

আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান খান বলেন, ‘অনেক কথাই বলা হচ্ছে। আপনারা লক্ষ্য রাখেন, দেখেন আমরা কী করছি।’

তিনি বলেন, ‘নিজেরাই বুঝতে পারবেন এটা মনগড়া কিনা, বা আমরা কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি কিনা।’ অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অনুসন্ধান ও তদন্ত দুটোই চলমান রয়েছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এনসিপি মুখপাত্রের বিরুদ্ধে আনা অভিযোগে বিদেশে অর্থ পাচারের বিষয় থাকলে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে কি না, জানতে চাইলে দুদক সচিব বলেন, আইনের আওতায় বিদেশে এমএলআর (Mutual Legal Assistance Request) পাঠানোর প্রয়োজন হলে তা অবশ্যই করা হবে। আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, প্রয়োজন হলে সেসব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হবে। অভিযোগের সত্যতা যাচাই করে সারবত্তা পাওয়া গেলে পরবর্তী ধাপে এগোবে দুদক। তিনি বলেন, ‘আমরা সত্যতা যাচাই করে যদি সেখানে সারবত্তা থাকে, তবে পরবর্তী ধাপে অগ্রসর হব।’

অভিযোগের অনুসন্ধান ও তদন্ত থেকে যে ফলাফল পাওয়া যাবে, তার ভিত্তিতেই কমিশন পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত