×

ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আ.লীগের নেতাকর্মীদের বিচার করতে ব্যর্থ হলে কাপুরুষতা হবে: আইনমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৮:২৫:২৪

আ.লীগের নেতাকর্মীদের বিচার করতে ব্যর্থ হলে কাপুরুষতা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে ব্যর্থ হলে তা কাপুরুষতা ও ভীরুতার পরিচয় হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এসব নেতাকর্মী নিষ্ঠুরতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছিলেন। দেশটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। তাদের নিষ্ঠুরতার সর্বোচ্চ সীমা অতিক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজ তাদের বিচার করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে কাপুরুষ ও ভীরুতার পরিচয় দেব। আমরা সেটা চাই না। আমরা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।’

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে বিনা বিচারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সাড়ে চার হাজারের বেশি বিএনপির নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। সাতশর বেশি বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে। শুধু বিএনপি ও জামায়াত করার কারণে জামায়াতের অসংখ্য নেতাকর্মীকেও গুম ও হত্যা করা হয়েছে।

মতবিনিময় সভায় মাদকের ভয়াবহতার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে শুধু জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা রাষ্ট্রের উদ্যোগ যথেষ্ট নয়; সামাজিকভাবেও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাগেরহাটে মাদক প্রতিরোধে মসজিদের ইমামসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর মতে, এভাবে সবাই একসঙ্গে কাজ করলে দেশ থেকে মাদক নির্মূল ও প্রতিহত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের সঙ্গে কোনো বিএনপির নেতাকর্মী জড়িত থাকলেও তাঁদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার সকালে আইনমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেলে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত