×

ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কঠিন সংকটে মানুষ বিএনপির ওপরই ভরসা রাখে: সমাজকল্যাণমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১২:১৬:৪০

কঠিন সংকটে মানুষ বিএনপির ওপরই ভরসা রাখে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশ কঠিন কোনো সংকটে পড়লে তা থেকে উত্তরণের দায়িত্ব মানুষ বিএনপির ওপরই অর্পণ করে বলে মনে করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তাঁর মতে, সংকট মোকাবিলায় দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখে।

গতকাল রবিবার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সংকটকালে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান দায়িত্ব। তবে এ জন্য দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা জরুরি।’

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী জাহিদ হোসেন। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা করলে তার চূড়ান্ত লাভ হবে গুপ্ত ও পলাতক বাহিনীর। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘দল না থাকলে পদের কোনো দাম নেই। আর ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন কখনোই সামনে এগিয়ে যেতে পারে না’।

নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মন্ত্রী বলেন, ‘সামনে বিএনপিকে কঠিন সময় পার করতে হবে। এ সময় দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

জেলা বিএনপির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আয়োজিত সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত