×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

ত্রাস-সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে: রিজভী

২০২৬ সেপ্টেম্বর ১৩ ২১:৫১:০৭

ত্রাস-সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: ত্রাস ও সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে দলটি বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

আজ রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিপক্ষের আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্মিত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াতের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রির কথা বলে; অথচ এলাকায় মানুষের মনে বিভেদ ও সংঘাতের আগুন জ্বালিয়ে দিচ্ছে। ইসলামের মূল শিক্ষা মানবতার সেবা এবং অসহায়-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরশাদকে অবৈধ শাসক আখ্যা দিয়ে তাঁর অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। কিন্তু আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল।

৫ আগস্টের পর আওয়ামী লীগের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে এবং নির্যাতন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দেশবাসী বিক্ষুব্ধ ছিল। অথচ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সবকিছু ক্ষমা করে দেওয়ার কথা বলেছে।

তারেক রহমানের মানবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি সারা দেশে মানবকল্যাণ ও মানবতার সেবায় বিএনপিকে সম্পৃক্ত রেখেছেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে তাঁর শুভেচ্ছা ও সহযোগিতা নিয়ে বিএনপি পরিবার সবসময় দাঁড়াচ্ছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হিরাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত