ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ জুলাই ০৯ ১৬:৩৪:০৩

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যকে তিনি প্রাসঙ্গিক নয় বলেও উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন এবং সময়েরও উল্লেখ করেছেন এ অবস্থায় তাকে ফিরিয়ে আনতে বাধা কোথায়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছেন। সেই সাজাপ্রাপ্ত আসামি বাংলাদেশে নানা অন্যায়, অত্যাচার ও কুকর্ম করে বিদেশে পালিয়ে আছেন। তিনি কী বলছেন বা না বলছেন, সেটি একেবারেই প্রাসঙ্গিক নয়।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বিষয়ে যে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে, তা এখনও চলমান রয়েছে। সরকার যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি এগিয়ে নিচ্ছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় কিংবা প্রচলিত আন্তর্জাতিক প্রোটোকল ও মানদণ্ড অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে, যা বাংলাদেশের জনগণের প্রত্যাশা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে সংঘটিত অন্যায়, দুর্নীতি, খুন ও গুমের ঘটনাগুলোর সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এ বিষয়ে ভারতের সরকারের সঙ্গে প্রক্রিয়া চলমান রয়েছে। তাই আসামির বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অন্তর্বর্তী সরকারের সময়েই শুরু হয়েছিল এবং সেই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। কূটনৈতিক কোনো ঘাটতি নেই বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ প্রক্রিয়ায় যুক্ত রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ করছে।

ভারতের সহযোগিতা না আইনি জটিলতা কোনটি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় বাধা, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আইনি জটিলতা রয়েছে কি না, তা আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অনুযায়ী যে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন, তা যথাযথভাবেই পরিচালিত হচ্ছে এবং সেখানে তিনি কোনো ঘাটতি দেখছেন না।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত