ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে বিনিয়োগের গতি বাড়াতে এবং উদ্যোক্তাদের জন্য প্রশাসনিক জটিলতা কমাতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে লাইসেন্স ও অনুমোদনসংক্রান্ত সেবা আরও দ্রুত, সহজ এবং একই প্ল্যাটফর্মে আনার উদ্যোগের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (২১ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনটির সভাপতি তারেক রাফি ভূঁইয়া। বৈঠকে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানও উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে ঘুরে সেবা নেওয়ার প্রয়োজন কমাতে একটি কেন্দ্রীয় অনলাইনভিত্তিক ‘ওয়ান-স্টপ উইন্ডো’ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রয়োজনীয় সেবাগুলো এক জায়গা থেকেই পাওয়ার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠান বা অবকাঠামো নির্মাণসংক্রান্ত অনুমোদনের ক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশ, ঝুঁকি ব্যবস্থাপনা ও অগ্নিনিরাপত্তার মতো বিষয় যাচাই করতে হয়। এ কারণে সব ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে চূড়ান্ত অনুমোদন দেওয়া বাস্তবসম্মত নয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো, বিশেষ করে ফায়ার সার্ভিস, প্রয়োজনীয় পরিদর্শন শেষে অনুমোদন দেবে।
তবে বিনিয়োগ কার্যক্রম শুরুতে যাতে অযথা বিলম্ব না হয়, সেজন্য অস্থায়ী বা প্রভিশনাল লাইসেন্স প্রদানের ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এতে উদ্যোক্তারা প্রাথমিক কার্যক্রম দ্রুত শুরু করতে পারবেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অনুমোদনের সময়সীমা কমানোর জন্য একটি কাঠামো ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। এখন বিভিন্ন খাতের প্রয়োজন অনুযায়ী পৃথক লাইসেন্সিং পদ্ধতি নিয়ে কাজ চলছে। কারণ বিদ্যুৎকেন্দ্র, টেক্সটাইল কারখানা বা অন্যান্য শিল্প খাতের অনুমোদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র এক নয়।
কারখানা পরিদর্শন পদ্ধতিতেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরিদর্শন কার্যক্রম সমন্বয় করবে। একাধিক সংস্থার প্রতিনিধিদের একই সময়ে উপস্থিত রেখে একবারেই পরিদর্শন সম্পন্ন করার ব্যবস্থা করা হবে, যাতে বিনিয়োগকারীদের সময় ও ভোগান্তি কমে।
বৈঠকে বৈদ্যুতিক যানবাহন (ইভি) প্রসঙ্গেও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘমেয়াদে জ্বালানিনির্ভরতা কমিয়ে পরিবহন খাতকে আরও টেকসই করার লক্ষ্য রয়েছে। সাম্প্রতিক জ্বালানি সংকট থেকে শিক্ষা নিয়ে বিকল্প প্রযুক্তির দিকে অগ্রসর হওয়ার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
তার মতে, দেশের পরিবহনব্যবস্থায় ধীরে ধীরে ইলেকট্রিক ও হাইব্রিড প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে ইতিবাচক মনোভাব রয়েছে।
তবে বর্তমান বাস্তবতায় বাংলাদেশ এখনও পুরোপুরি বৈদ্যুতিক যানবাহন ব্যবস্থার জন্য প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন তিনি। তাই আপাতত প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ব্যবহার ও আমদানিকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
জেবিসিসিআই নেতারা বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা, ব্যবসা সম্প্রসারণ, শিল্প স্থাপন, অনুমোদন প্রক্রিয়ার সরলীকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে মতামত তুলে ধরেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং বাণিজ্যিক অংশীদার। জাপানি উদ্যোক্তাদের জন্য আরও স্বচ্ছ, কার্যকর ও সহজ ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে একজন বিনিয়োগকারী অনলাইনের একটি প্ল্যাটফর্ম থেকেই প্রয়োজনীয় অধিকাংশ সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে সময়, ব্যয় এবং প্রশাসনিক জটিলতা কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করা সম্ভব হবে।
এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে জেবিসিসিআই নেতারা বলেন, এ চুক্তি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন