×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

২০২৬ জুন ১৭ ২০:৪৭:৫৪

মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থার পরিবর্তে প্রকল্পভিত্তিক ও দক্ষতানির্ভর শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। ২০২৭-২৮ সালের মধ্যে দেশের শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বাস্তব দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত বছর এ খাতে বরাদ্দ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে সেই বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, সরকারের লক্ষ্য ধাপে ধাপে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ, পরে ৪ শতাংশ এবং শেষ পর্যন্ত ৫ শতাংশে উন্নীত করা। তবে শুধু বাজেট বৃদ্ধি করাই যথেষ্ট নয়। প্রতিটি টাকার কার্যকর ব্যবহার নিশ্চিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ জনশক্তির সংকটে ভুগছে, অথচ বাংলাদেশে রয়েছে বিপুল জনসম্পদ। এই জনসম্পদকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভেট)-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টেকসই আর্থসামাজিক উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এ খাতের উন্নয়নে চলতি বাজেটে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসনসংকট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সমস্যার স্থায়ী সমাধানে দ্বিতীয় ক্যাম্পাস ও নতুন হল নির্মাণের বিষয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হওয়া ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত