ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ হাজি

২০২৬ জুন ১৭ ১০:৩৮:৫৫

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ হাজি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে বাংলাদেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৩৮০ জন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ জুন (সৌদি সময়) পর্যন্ত ফিরতি যাত্রী পরিবহনে সবচেয়ে বেশি হাজি দেশে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংস্থাটি এখন পর্যন্ত ২৪ হাজার ৫৭২ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ২০ হাজার ৩১ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৪ হাজার ৭১৬ জন হাজি।

হজযাত্রীদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭০টি, সৌদি এয়ারলাইনস ৫১টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।

এদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৫ হাজার ৪১০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১১৩টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছরের হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।

হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত