ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পাহাড়ি ঢলে পানিবন্দি ৩ গ্রাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভয়াবহ দুর্যোগের চিত্র ফুটে উঠেছে। মাত্র এক রাতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতেই শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া, জামালপুর ও এক্তিয়ারপুর গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং পুরো এলাকায় নেমে এসেছে চরম দুর্ভোগ।
শুক্রবার রাত থেকে শুরু হওয়া পাহাড়ি ঢল দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামগুলোতে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভারতের উজান থেকে নেমে আসা পানির প্রবাহ এবং একটানা বর্ষণ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। রাতারাতি গ্রামের সড়ক, বসতবাড়ি ও কৃষিজমি প্লাবিত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত থমকে গেছে।
সরেজমিনে দেখা যায়, অনেক ঘরে পানি ঢুকে পড়েছে। গ্রামের বিভিন্ন সড়কে হাঁটুর ওপরে পানি জমে থাকায় যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিশু, নারী ও বৃদ্ধদের চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। পাহাড়ি ঢলের পানিতে কয়েকশ একর আউশ ধান, মৌসুমি সবজি এবং গবাদিপশুর খাদ্য নষ্ট হয়ে গেছে। এতে কৃষকদের মাথায় হাত পড়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি কাঁচা ঘর ভেঙে পড়েছে এবং কোথাও কোথাও ভূমিধসের ঘটনাও ঘটেছে।
এক্তিয়ারপুর গ্রামের কৃষক সুন্দর আলী বলেন, তার ঘরে পানি উঠে গেছে এবং গ্রামের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে থাকায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি জানান, তার ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
জামালপুর গ্রামের বাসিন্দা হুমায়ূন কবীর বলেন, পুরো গ্রাম এখন পানির নিচে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। গবাদিপশু ও ফসলের ক্ষতিতে অনেক পরিবার দিশেহারা হয়ে পড়েছে। তিনি দ্রুত ত্রাণ সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ চৌধুরী বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা প্রয়োজন। তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ত্রাণ কার্যক্রম শুরু হয়নি বলে তিনি জানান।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হবে এবং বর্তমানে পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা