ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্থিতিশীলতা সৃষ্টি করাই বিরোধী দলের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০২৬ জুন ১৩ ১৫:৫১:৩২

অস্থিতিশীলতা সৃষ্টি করাই বিরোধী দলের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের আস্থা ও সমর্থনই সরকারের সবচেয়ে বড় শক্তি এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার সবসময় অঙ্গীকারবদ্ধ।

শনিবার সকালে কক্সবাজারের পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থনই আমাদের শক্তি। যতক্ষণ আমাদের প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘খবরের কাগজগুলোয় দেখলাম, এবারের বাজেটের পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বাড়েনি। কারণ, চাল, ডাল, তেল, নুনসহ সকল প্রয়োজনীয় জিনিসের ওপর যে ট্যাক্স ছিল, বর্তমান সরকার ৬০টি পণ্যের ওপর থেকে তা তুলে নিয়েছে। এর উদ্দেশ্য ও লক্ষ্য একটাই, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।’

তিনি অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে। তার ভাষ্য, বিরোধী দল এই বাজেটকে গণবিরোধী বলে দাবি করছে।

এ সময় উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?’

তিনি আরও বলেন, ‘তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, দেশের মধ্যে অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।’

দেশের উন্নয়ন সবার সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশই আমাদের প্রথম ঠিকানা। এই দেশই আমাদের শেষ ঠিকানা। সে জন্যই আমরা বলি এই দেশকে গড়লে আমরাই ভালো থাকব, আমাদের সন্তানেরা শান্তিতে থাকতে পারবে।’

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, দলের সব ক্ষমতার উৎস জনগণ। বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তারেক রহমান বলেন, ‘এই দেশকে যদি আমরা গড়তে না পারি, তাহলে আমাদের সন্তানেরা দুঃখ কষ্টে থাকবে। কেউ কি চায়, নিজের সন্তান কষ্টে থাকুক? কেউ আমরা চাই না। সে জন্যই আমরা একটি কথাই বলি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান এবং স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশীদ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ।

সমাবেশে সরকারের উন্নয়ন কার্যক্রম, প্রস্তাবিত বাজেট এবং দেশের সার্বিক অগ্রগতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত