ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘নতুন কারিকুলামে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, খেলাধুলা, সংস্কৃতি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে নতুন উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা মাহদী আমিন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা শুধু সনদনির্ভর না হয়ে বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা, মননশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটবে এবং তারা খেলাধুলা, সংস্কৃতি, প্রযুক্তি ও নেতৃত্বের ক্ষেত্রেও এগিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তরের প্রধান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।
শিক্ষা খাতের সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, নতুন পাঠ্যক্রমে ক্রীড়া শিক্ষা, সংস্কৃতি শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বিষয় যুক্ত করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সামাজিক আচরণ ও বাস্তব জীবনের দক্ষতা গড়ে তোলা হবে।
তিনি জানান, ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হবে এবং একই সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে।
শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ সক্ষমতা বাড়ে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের সীমাবদ্ধতা ও সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়, তবে ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের কাজ চলছে। বিশেষজ্ঞ ও পেশাজীবীদের মতামতের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে।
নতুন কারিকুলাম প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং সীমিত সময়ের কারণে সব পরিবর্তন একসঙ্গে বাস্তবায়ন সম্ভব হয়নি, তবে আগামী বছর আরও বিস্তৃত সংস্কার আনা হবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, শিক্ষার্থীদের জন্য আগামী কয়েক বছরে প্রায় ১৪ লাখ ট্যাব সরবরাহের পরিকল্পনা রয়েছে, যা শিক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াবে।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এ বছর ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে, যা দেশের ক্রীড়া ইতিহাসে একটি বড় অর্জন।
শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশে জাতীয় পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং কর্মসূচি চালুর কথাও তিনি উল্লেখ করেন। ভালো উদ্ভাবনী ধারণার জন্য সিড ফান্ডিং দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
কারিগরি শিক্ষার প্রসারে জাতীয় পর্যায়ে স্কিল কম্পিটিশন, ক্যারিয়ার ফেয়ার ও কর্মসংস্থানমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা।
এছাড়া পরিবেশ রক্ষায় ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)