ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গণতান্ত্রিক বাংলাদেশের এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন গণতান্ত্রিক বাংলাদেশে দেশের শিক্ষা, অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে।
রোববার (৭ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে শিক্ষায়, বিজ্ঞান-প্রযুক্তিতে এবং জ্ঞানচর্চায় নিজেদের প্রস্তুত না করতে পারলে ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, সারাদেশে দুই হাজারের বেশি অধিভুক্ত কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইতোমধ্যে এক কোটিরও বেশি শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চশিক্ষা লাভ করেছেন। উচ্চশিক্ষার সুযোগ বিস্তারের লক্ষ্যেই ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং প্রযুক্তির দ্রুত বিকাশ কর্মসংস্থানের ধরন বদলে দিচ্ছে। অনেক পুরোনো পেশা বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে থাকলেও নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। তাই শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা, প্রযুক্তি ও বাস্তব অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।
তারেক রহমান বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ফরেনসিক সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল যোগাযোগ, নেতৃত্ব বিকাশ ও আর্থিক সচেতনতার মতো দক্ষতাগুলো বর্তমান সময়ের শিক্ষার অপরিহার্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানোটেকনোলজি এবং থ্রিডি প্রিন্টিংয়ের মতো উদীয়মান প্রযুক্তি সম্পর্কেও শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।
তিনি জানান, শিক্ষা কারিকুলামকে আরও বাস্তবভিত্তিক, বহুমুখী, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করার কাজ সরকার ইতোমধ্যে শুরু করেছে। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ও শ্রমবাজার উপযোগী ও আধুনিক পাঠ্যক্রম প্রণয়নে কার্যকর পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর অর্থনীতির যুগে শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়; এটি উদ্ভাবন, উৎপাদনশীলতা এবং জাতীয় প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। এজন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।
তবে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষ্য, একজন দক্ষ নাগরিক হওয়ার পাশাপাশি একজন মানবিক মানুষ হয়ে ওঠাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধের বিকাশেও গুরুত্ব দিতে হবে।
উচ্চশিক্ষিতদের বেকারত্বের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনের পরও কর্মসংস্থান পায় না। এর অন্যতম কারণ হলো বাস্তব ও প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি। এই সমস্যা সমাধানে উচ্চশিক্ষা ব্যবস্থায় এপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে। এতে শিক্ষাজীবন শেষে চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা বাস্তবায়নে প্রতিযোগিতামূলক ভিত্তিতে সিড ফান্ডিং ও ইনোভেশন গ্রান্ট দেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা