ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলামী ব্যাংক ঘেরাও: গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাস
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশের সদ্য নিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, সকালে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিপুল সংখ্যক সদস্য ব্যানার ও ফেস্টুন নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সমবেত হন। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। আকস্মিক এই অ্যাকশনে পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশি বাধায় আন্দোলনকারীরা সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে গেলেও পরবর্তীতে আবারও ব্যাংকের আশপাশের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করেন।
গ্রাহকদের অভিযোগ, তাদের অবস্থান কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। কিন্তু পুলিশ কোনো উসকানি ছাড়াই তাদের ওপর অতর্কিত বলপ্রয়োগ করেছে। আন্দোলনকারীদের দাবি, নবনিযুক্ত চেয়ারম্যান বিতর্কিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তাকে এই শীর্ষ পদে বসানোর অর্থ হলো ব্যাংকটিতে আবারও অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের পথ সুগম করা। আর এই আশঙ্কা থেকেই তারা রাজপথে নেমেছেন। এই ঘটনার পর থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও মতিঝিল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সহিংসতার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, মতিঝিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা এবং সেখানে অনেক ব্যাংকের প্রধান শাখা রয়েছে। প্রায় তিন-চারশ মানুষ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় অবরোধ করায় অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশ তাদের বারবার বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তিতে লিপ্ত হয়।
ডিসি নাসিরুদ্দিন আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাদের সরে যাওয়ার জন্য আল্টিমেটাম দেয়। কিন্তু তারা অনড় থাকলে আইনানুগ ব্যবস্থা হিসেবে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
এই ঘটনায় মতিঝিল জোনের এসি পেট্রোলসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে ডিএমপি।
এর আগে, ঈদের ছুটির ঠিক আগের শেষ কর্মদিবস গত ২৪ মে (রোববার) বিকেলে আকস্মিকভাবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। তার পদত্যাগের কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
খুরশীদ আলমের এই নিয়োগের পর থেকেই আমানতকারী ও সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। দেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক ব্যাংকটির গ্রাহকদের একাংশের শঙ্কা, যোগ্যতা ও সর্বজনীন গ্রহণযোগ্যতা বিবেচনা না করে রাজনৈতিক প্রভাবে একজন বিতর্কিত ব্যক্তিকে এই পদে বসানো হয়েছে, যা ব্যাংকটিকে পুনরায় আস্থার সংকটে ফেলবে। ফলে অবিলম্বে এই নিয়োগ বাতিল ও পুনর্বিবেচনার দাবি তুলেছেন তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে যে দুজন ডেপুটি গভর্নর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, মো. খুরশীদ আলম ছিলেন তাদেরই একজন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- গ্রাহকের টাকা আত্মসাৎ: আইল্যান্ড সিকিউরিটিজকে অর্থ ফেরতের নির্দেশ
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা