ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

অতীতের চেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: রুহুল কবির রিজভী

২০২৬ মে ২৯ ১৫:১০:১৫

অতীতের চেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের অত্যন্ত দৃঢ় ও সময়োপযোগী হস্তক্ষেপের কারণেই এবার ঈদে মহাসড়কগুলোতে যানজট প্রলম্বিত হতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সড়কে কোথাও সমস্যা হলে অল্প কিছু সময়ের মধ্যেই তা নিরসন করা হয়েছে। ফলে এবার ঘরমুখো মানুষ ঈদের দিন সকালে গিয়ে বাড়ি পৌঁছেছে—এমন খবর কেউ শোনেনি। সবাই নির্দিষ্ট সময়ে গ্রামে ফিরে পরিবারের সাথে ঈদের নামাজ আদায় ও কোরবানি সম্পন্ন করতে পেরেছেন।

শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির এই মুখপাত্র ও সরকারি উপদেষ্টা এসব কথা বলেন।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রুহুল কবির রিজভী বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক অনেক ভালো। কারণ সবকিছুর ওপর সরকারের খুব ক্লোজ মনিটরিং (নিবিড় পর্যবেক্ষণ) রয়েছে। একটি রাষ্ট্র বা সমাজের সবাই তো আর ফেরেশতা হয়ে যাবে না, তবে পরিস্থিতি একটি সুশৃঙ্খল পর্যায়ে আছে। আগে যেখানে গরুর হাটগুলোতে ভয়াবহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা যেত, এবার শক্ত হাতে প্রশাসন তা দমন করেছে।

কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কার করায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবার দারুণভাবে কাজ করেছে। দুপুরের পর থেকেই পরিচ্ছন্নতাকর্মীরা পাড়া-মহল্লা ও মেইন রোডের ধার থেকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করেছে, যা অতীতে সচরাচর দেখা যায়নি। এর অর্থ হলো সরকার সবকিছু খুব দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেখানেই সমস্যা হচ্ছে, সেখানেই দ্রুততম সময়ে সমাধান নিশ্চিত করছে।

সম্প্রতি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রামিসাকে নিপীড়নের পর হত্যার ঘটনায় কীভাবে প্রধানমন্ত্রী নিজে ভুক্তভোগী পরিবারের কাছে ছুটে গেছেন এবং তাদের সান্ত্বনা দিয়েছেন, তা আপনারা দেখেছেন। অপরাধীকে ইতিমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে এবং আদালত অতি দ্রুত এর বিচার নিশ্চিত করবেন।

এ সময় বিরোধী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি এ দেশের রাজনৈতিক কাঠামোর অংশ হয়ে থাকেন, তবে সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত বা ষড়যন্ত্র করা দেশের মানুষ কখনো ভালোভাবে নেয়নি এবং নেবেও না।

সংবাদ সম্মেলন থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। তিনি জানান, এই দিবসটি উপলক্ষ্যে ৮ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি স্পটে অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাদ্য বিতরণ করবেন।

রিজভী আরও জানান, দিবসটি উপলক্ষ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয়ভাবে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও পেশাজীবী সংগঠনগুলো আলাদা আলোচনা সভা ও স্মারক কর্মসূচি গ্রহণ করেছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত