ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশে পৌঁছেছে ইরাকে মিসাইল হামলায় নিহত শ্রাবনের মরদেহ
নিজস্ব প্রতিবেদক: ইরাকের বাগদাদে ভয়াবহ মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের (৪০) মরদেহ অবশেষে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় ও বিশেষ প্রক্রিয়ায় তাঁর লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
ভোর ৫টা ১৫ মিনিটে শ্রাবনের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কফিনটি গ্রহণ করেন।
নিহত মোহাম্মদ শ্রাবন (পাসপোর্ট নং- ইজে ০৮২০৩২৭) মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। পরিবারে সচ্ছলতা ফেরাতে দীর্ঘ ১০ বছর আগে জীবিকার সন্ধানে ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন এই কঠোর পরিশ্রমী যুবক। কিন্তু সম্প্রতি বাগদাদে এক আকস্মিক মিসাইল হামলার আঘাতে কর্মস্থলেই তাঁর নির্মম মৃত্যু হয়। তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং বিমানবন্দরে উপস্থিত শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইরাকের বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধান ও নিবিড় কূটনৈতিক তৎপরতায় আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ফ্লাইট নং- TK0843) কফিনটি দেশের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর তুরস্কে দীর্ঘ ২৯ ঘণ্টার ট্রানজিট বিরতি শেষে পুনরায় একই এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে (ফ্লাইট নং- TK0712) যোগে আজ শুক্রবার সকালে ঢাকার মাটিতে এসে পৌঁছায় শ্রাবনের নিথর দেহ।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে কান্নাভেজা পরিবেশে মরদেহটি তাঁর পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই সময় সরকারের জরুরি মানবিক সহায়তা হিসেবে দাফন-কাফন সম্পন্ন করার বাবদ নগদ ৩৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক শ্রাবনের স্বজনদের হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে প্রবাসীর পরিবার যাতে দ্রুত সরকারি অন্যান্য ক্ষতিপূরণ ও বীমার টাকা পায়, সে বিষয়েও মন্ত্রণালয় থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- ভারতে গরু কুরবানি বর্জনের আহ্বান স্কলারের