ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিপোর্ট পেলেই আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে এসি জটিলতায় একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরপরই দোষী প্রমাণিত হলে হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ—মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই বেদনাদায়ক ঘটনাটি নিয়ে কথা বলেন তিনি।
ঘটনার প্রাথমিক ধারণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঈদের এই খুশির দিনে গতকালের আদ-দ্বীন হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। সেখানে মূলত একজন মায়ের অনুরোধে চিকিৎসাধীন শিশুদের ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের ধারণা, পরবর্তী সময়ে সম্ভবত এসি থেকে কোনো ক্ষতিকর গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে।” তিনি আরও জানান, অন্য একটি হাসপাতাল পরিদর্শনে থাকাকালীন তিনি এই খবর পান এবং তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। দেশের সব হাসপাতালে ঈদের দিনেও রোগীদের সেবায় বিশেষ ব্যবস্থা চালু রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
এদিকে দেশজুড়ে চলমান হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সরকার যদি সঠিক সময়ে হাম মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিত, তবে হাজারো শিশুর প্রাণহানি ঘটতে পারত। আমাদের কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে হামের টিকা মজুত রয়েছে এবং দেশের প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনা হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইতোমধ্যে হামের প্রকোপ ও মৃত্যুর হার অনেক কমে এসেছে। আক্রান্ত শিশুদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখা সম্ভব হলে ঈদের পরপরই দেশে হামের সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে।
মনোহরদীতে ঈদের এই প্রধান জামাতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও নামাজ আদায় করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ মুহাইমিন আল জিহান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অন্যদিকে, ঈদের দিন নরসিংদীর অন্যান্য উপজেলাগুলোতেও ঐতিহ্যবাহী ঈদগাহে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা নামাজ আদায় করেছেন। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়েন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশ উপজেলার প্রধান জামাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। এছাড়া শিবপুরে নরসিংদী-৩ এর সংসদ সদস্য মনজুর এলাহী এবং রায়পুরায় নরসিংদী-৫ এর সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল নিজ নিজ এলাকার মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
এসব জামাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন এবং নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। উল্লেখ্য, জেলার সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গাবতলী ঈদগাহ ময়দানে এবং জেলা প্রশাসনের মূল জামাতটি সম্পন্ন হয়েছে নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- গরু-মহিষ কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ বহাল
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা