ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

এসএমই ছাড়িয়ে মূল বোর্ডে উঠতে চায় মামুন অ্যাগ্রো

২০২৬ মার্চ ১৭ ২৩:৪৮:২৭

এসএমই ছাড়িয়ে মূল বোর্ডে উঠতে চায় মামুন অ্যাগ্রো

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল বোর্ডে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে মামুন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটি সম্প্রতি ডিএসইর কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিয়েছে এবং জানিয়েছে, নির্ধারিত সব শর্ত পূরণ করেই তারা এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে। কোম্পানি সচিব মোহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মূল বোর্ডে উত্তরণের পরিকল্পনাটি নতুন নয়। ২০২৫ সালের এপ্রিল মাসে কোম্পানির পরিচালনা পর্ষদ প্রথম এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়। পরে জুনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররাও এ প্রস্তাবে সমর্থন দেন। এখন ডিএসই কোম্পানির আর্থিক সক্ষমতা ও জমা দেওয়া নথিপত্র যাচাই-বাছাই শেষে বোর্ড সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বর্তমান নীতিমালা অনুযায়ী, এসএমই প্ল্যাটফর্ম থেকে মূল বোর্ডে যেতে হলে কোনো প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ন্যূনতম ৫০ কোটি টাকা হতে হয়। মামুন অ্যাগ্রোর পরিশোধিত মূলধন ইতোমধ্যে ৫২ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত হওয়ায় তারা সহজেই এই শর্ত পূরণ করেছে। পাশাপাশি অন্তত তিন বছর তালিকাভুক্ত থাকার শর্তও তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে ১০ কোটি টাকা সংগ্রহের মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কৃষিভিত্তিক এই কোম্পানিটি কীটনাশক, ছত্রাকনাশক এবং উন্নত বীজ উৎপাদন ও আমদানির সঙ্গে জড়িত। ২০২৫ সালের জুনের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে প্রায় ২৮ কোটি টাকা চলতি সম্পদ এবং ৩৬ কোটি টাকা স্থায়ী সম্পদ হিসেবে রয়েছে। অন্যদিকে, কোম্পানির মোট দায় প্রায় ২৫ কোটি ৫৭ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির আয় ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এ সময়ে তাদের মোট আয় বেড়ে ৫৭ কোটি ৩৫ লাখ টাকায় পৌঁছেছে এবং নিট মুনাফা দাঁড়িয়েছে ৬ কোটি ৫ লাখ টাকায়। বিশেষ করে বীজ বিক্রি বেড়ে ২৬ কোটি ৬৯ লাখ টাকায় উন্নীত হয়েছে, যা আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। তবে কীটনাশক বিক্রি কিছুটা কমে ৩০ কোটি ৬৫ লাখ টাকায় নেমে এসেছে।

চলতি অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি, যার মধ্যে ৫ শতাংশক্যাশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। এছাড়া উদ্যোক্তা ও পরিচালকদের জন্য অতিরিক্ত ৫ শতাংশ বোনাস শেয়ারের প্রস্তাব দেওয়া হলেও তা এখনও বিএসইসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে আইনি জটিলতার কারণে নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত না হওয়ায় ১ কোটি ৭৫ লাখ টাকার ডিভিডেন্ড বিতরণ এখনো স্থগিত রয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর এবং পরে ২৫ ফেব্রুয়ারি এজিএম আয়োজনের পরিকল্পনা করা হলেও ১৯৯৪ সালের কোম্পানি আইনের কিছু বিধান অনুযায়ী হাইকোর্ট সংশ্লিষ্ট জটিলতা তৈরি হয়। বিষয়টি বর্তমানে আদালতের পর্যবেক্ষণে রয়েছে। আদালতের অনুমতি মিললেই নতুন তারিখ ঘোষণা করে এজিএম সম্পন্ন এবং ডিভিডেন্ড বিতরণের আশা করছে মামুন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত