ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ফেব্রুয়ারিতে দুদকের জালে ১৪০ কোটির সম্পদ

২০২৬ মার্চ ১৭ ১৬:৪৯:০০

ফেব্রুয়ারিতে দুদকের জালে ১৪০ কোটির সম্পদ

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে অভিযানে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বড় সাফল্য দেখিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময়ে বিভিন্ন মামলার মাধ্যমে ১৪০ কোটির বেশি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।

আদালত এবং দুদকের সম্পদ ব্যবস্থাপনা শাখার তথ্য অনুযায়ী, মোট ১৪০ কোটি ৭৭ লাখ ২৬ হাজার ৪১০ টাকার সম্পদ ক্রোক বা ফ্রিজ করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, চলমান অনুসন্ধান ও মামলার ধারাবাহিকতায় বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট ও অন্যান্য সম্পত্তি জব্দ করা হয়েছে।

সংস্থাটির তথ্য বলছে, জব্দকৃত সম্পদের মধ্যে ৭২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৬০১ টাকার স্থাবর সম্পদ এবং ৭০ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৮০৯ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এসব সম্পদ আদালতের ২৯টি পৃথক আদেশের মাধ্যমে ক্রোক বা অবরুদ্ধ করা হয়েছে।

স্থাবর সম্পদের তালিকায় রয়েছে প্রায় ৫৬ দশমিক ৫৮ একর জমি, ১৫টি ভবন, ২৮টি ফ্ল্যাট, ১২টি প্লট, দুটি টিনশেড ঘর, একটি খেলার মাঠ, একটি স্কুল, দুটি দোকান এবং ছয়টি গাড়ি।

অন্যদিকে অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ব্যাংক হিসাব, নগদ অর্থ, এফডিআর, শেয়ার ও প্রাইজ বন্ডসহ বিভিন্ন আর্থিক সম্পদ। ১৫টি আদালতের আদেশে এসব সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

বিস্তারিত হিসাবে দেখা যায়, ১৪৪টি ব্যাংক হিসাবে জমা ৫৯ কোটি ৯২ লাখ ১০ হাজার ৪৬৫ টাকা, ৫ কোটি ২৮ লাখ ১৭ হাজার ২২২ টাকার বিনিয়োগ, ১৩ লাখ টাকার সঞ্চয়পত্র, ১ কোটি ৫২ লাখ ২৪ হাজার টাকার পে-অর্ডার, ৮৮ লাখ ৭০ হাজার টাকার এফডিআর, ৫০ লাখ টাকার শেয়ার এবং ৯৩ লাখ ১৬ হাজার টাকার বিও হিসাব ফ্রিজ করা হয়েছে।

দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট এসব জব্দকৃত সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করছে।

এর আগে, ২০২৫ সালে সংস্থাটি নজিরবিহীন সাফল্য অর্জন করে। ওই বছর দেশে-বিদেশে ৩৫০টিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ২৮ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়। তুলনায় ২০২৪ সালে এ পরিমাণ ছিল ৩৬১ কোটি টাকা।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত