ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

শেয়ার জালিয়াতি: আওয়ামী লীগের সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৬ মার্চ ১৭ ১৪:০৬:৫৫

শেয়ার জালিয়াতি: আওয়ামী লীগের সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচালিত তদন্তে একটি বড় ধরনের শেয়ার জালিয়াতির ঘটনা সামনে এসেছে। তদন্তে দেখা গেছে, কোনো বৈধ বোর্ড সভা না করেই ভুয়া রেজুলেশন তৈরি করে কোম্পানির শেয়ার মূলধন বাড়ানো হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন সৃষ্ট শেয়ার নিজের নামে বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জালিয়াতির মাধ্যমে দুই দফায় প্রায় ৯ লাখ ৯৮ হাজার ৫০০ শেয়ার নিজের নিয়ন্ত্রণে নেন তিনি। এসব শেয়ারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ৯৮ লাখ টাকা। পুরো প্রক্রিয়াটি পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।

পিবিআই তাদের প্রতিবেদনে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১০৯, ৫০৬ ও ৩৪ ধারায় অপরাধ সংঘটনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে এই জালিয়াতির ঘটনায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন সরকারের সম্পৃক্ততার বিষয়টিও উঠে এসেছে। তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর প্রধান অভিযুক্ত ইউসুফ হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, ইউসুফ আব্দুল্লাহ হারুন দেশের ব্যবসা ও রাজনৈতিক অঙ্গনে পরিচিত একটি নাম। তিনি ১৯৯৮ ও ২০০৩ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান, হাইডেলবার্গ সিমেন্টের সাবেক পরিচালক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক কাউন্সিলর ছিলেন। রাজনৈতিক জীবনেও সক্রিয় এই ব্যক্তি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত